২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্স দলে অনেক পরিবর্তন, ১ বছর পর ফিরলেন কঁতে

চোটের আঘাতে হারানো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের শূন্যতা পূরণে পুরোনো আরও কয়েকজনকে দলে ডেকেছেন কোচ দিদিয়ে দেশম।

ফ্রান্স দলে অনেক পরিবর্তন, ১ বছর পর ফিরলেন কঁতে
এনগোলো কঁতে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2025, 10:37 PM

Updated : 26 Aug 2026, 02:37 PM

দল ঘোষণার দিন মিলেছে মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনির চোট পেয়ে ছিটকে পড়ার খবর। তাতেই যেন কপাল খুলেছে বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার এনগোলো কঁতের। আল-ইত্তিহাদের এই ফুটবলারকে নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে শেষ দুই ম্যাচের দল ঘোষণা করেছেন ফ্রান্স কোচ দিদিয়ে দেশম।

চলতি মাসের মাঝামাঝি বিশ্বকাপ বাছাইয়ে শেষ দুই রাউন্ডে ইউক্রেইন ও আজারবাইজানের মুখোমুখি হবে ফ্রান্স। ম্যাচ দুটির জন্য বৃহস্পতিবার ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন দেশম।

টানা দ্বিতীয় মাসের আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলে দেখা যাবে না উসমান দেম্বেলে ও দিজিরে দুয়েকে। পিএসজির এই দুই ফরোয়ার্ডই চোটের সঙ্গে লড়াই করছেন।

এবারের ব্যালন দ’র জয়ী দেম্বেলেকে হারানোয় বেশি হতাশ দেশম।

“বিশেষ করে উসমান দেম্বেলের জন্য আমার খারাপ লাগছে। গত মৌসুমে সে চোটমুক্ত ছিল; কিন্তু বর্তমানে সে বারবার চোটে পড়ছে। তাকে দলে না পাওয়াটা ভালো কিছু নয়।” 

নিষেধাজ্ঞার কারণে গত মাসের দুই ম্যাচের স্কোয়াডে ছিলেন না রেয়াল মাদ্রিদ মিডফিল্ডার চুয়ামেনি। এবার তার দলে ফেরার জোর সম্ভাবনা ছিল। কিন্তু এদিনই তার ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন ২৫ বছর বয়সী ফুটবলার।

মাঝমাঠের শূন্যতা পূরণে ২০১৮ সালের বিশ্বকাপ জয়ী তারকা কঁতেকে ডেকেছেন কোচ। দেশের হয়ে সবশেষ তিনি খেলেছেন গত বছরের নভেম্বরে, উয়েফা নেশন্স লিগে ইসরায়েলের বিপক্ষে ওই ম্যাচে দলকে নেতৃত্বও দিয়েছিলেন তিনি।

গত অক্টোবরে অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলা ওয়ারেন জাইরে-এমেরিও জাতীয় দলে ফিরেছেন। দেশের বয়সভিত্তিক দল ও ক্লাব ফুটবলে নিজেকে মেলে ধরেই দেশমের আস্থা ফিরে পেয়েছেন পিসজির ১৯ বছর বয়সী এই ফুটবলার।

দেম্বেলে ও দুয়ে ছাড়াও দলে নেই মাত্রই চোট কাটিয়ে ফেরা টটেনহ্যাম হটস্পারের ফরোয়ার্ড মার্কাস থুরাম। তাদের শূন্যতায় দুয়ার খুলে গেছে গত দুই মাসের স্কোয়াডে অনুপস্থিত রন্দাল কোলো মুয়ানির সামনে। 

চোটের এত আঘাতের পরও ফ্রান্সের আক্রমণভাগ বেশ শক্তিশালী, কিলিয়ান এমবাপে, উগো একিটিকে, ক্রিস্তোফা এনকুনকুদের মতো তারকারা আছেন দলে।

বাছাইয়ের প্রথম চার রাউন্ডে অপরাজিত যাত্রায় আগামী বছরের বিশ্বকাপে জায়গা করে নেওয়ার পথে বেশ ভালোভাবেই আছে ফ্রান্স। তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে আছে তারা। 

৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ইউক্রেইন। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আইসল্যান্ড। আর ১ পয়েন্ট নিয়ে সবার নিচে আজারবাইজান। 

আগামী বৃহস্পতিবার ঘরের মাঠে ইউক্রেইনের বিপক্ষে খেলবে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এর তিন দিন পর তারা শেষ ম্যাচ খেলবে আজারবাইজানের মাঠে।