রেয়াল মাদ্রিদের বিপক্ষে লড়াই নিয়ে সিমেওনে, ‘আমরা প্রস্তুত’
দারুণ এক লড়াইয়ের আশা করছেন আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমেওনে।
চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের প্রথম ধাপেই আতলেতিকো মাদ্রিদের সামনে কঠিন চ্যালেঞ্জ। কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে তারা খেলবে শিরোপাধারী ও প্রতিযোগিতাটির রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রেয়াল মাদ্রিদের বিপক্ষে। আতলেতিকো কোচ দিয়েগো সিমেওনে অবশ্য বললেন, এই লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত আছেন তারা।
এই মৌসুমে নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগে শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলোয় জায়গা করে নেয় আতলেতিকো মাদ্রিদ। রেয়াল মাদ্রিদ তা পারেনি, তাদের নকআউট পর্বে আসতে হয়েছে প্লে-অফের বাধা পেরিয়ে, ম্যানচেস্টার সিটিকে হারিয়ে।
লা লিগায় যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে রেয়াল ও আতলেতিকো। মাদ্রিদের এই দুই দলের মধ্যে ব্যবধান কেবল ১ পয়েন্টের। এবারের লিগে দুবারের দেখায় একবারও আতলেতিকোকে হারাতে পারেনি কার্লো আনচেলত্তির দল। দুটি ম্যাচই ড্র হয় ১-১ গোলে।
ইউরোপ সেরা প্রতিযোগিতায় এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে অবশ্য রেয়ালের সুখস্মতিই বেশি; ২০১৩-১৪ ও ২০১৫-১৬ আসরের ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বীদের হারিয়েই শিরোপা জিতেছিল তারা।
চলতি আসরের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয় শুক্রবার। এর কিছুক্ষণ পর সিমেওনে সংবাদ সম্মেলনে আসেন লা লিগায় ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ সামনে রেখে। রেয়ালকে প্রতিপক্ষ হিসেবে পাওয়া নিয়ে প্রশ্নে ছোট্ট করে উত্তর দেন এই আর্জেন্টাইন কোচ।
“আমি (রেয়াল মাদ্রিদের বিপক্ষে লড়াই নিয়ে) কেবল একটি প্রশ্নের উত্তর দেব... আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দারুণ। দারুণ লড়াই হবে এবং আমরা প্রস্তুত।”
