২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোটজর্জর রেয়াল মাদ্রিদের নতুন দুশ্চিন্তার নাম কাররেয়াস

রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণভাগে-দলটির সব পজিশনেই আছে চোট সমস্যা।

চোটজর্জর রেয়াল মাদ্রিদের নতুন দুশ্চিন্তার নাম কাররেয়াস
আলভারো কাররেয়াস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2026, 08:59 PM

Updated : 26 Aug 2026, 03:07 PM

কয়েক মৌসুম ধরেই চোট ভীষণ ভোগাচ্ছে রেয়াল মাদ্রিদকে। শেষ কবে দলটি পুরো স্কোয়াডকে, অন্তত অধিকাংশ গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পেয়েছিল, সেটাও গবেষণার বিষয়। ম্যানচেস্টার সিটির বিপক্ষে আসছে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগেও তাদের একই দশা; চোটাক্রান্ত খেলোয়াড়দের দীর্ঘ তালিকায় নতুন যোগ হয়েছেন আলভারো কাররেয়াস।

সপ্তাহখানেক আগে লা লিগায় গেতাফের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে আঘাত পান এই ডিফেন্ডার। সেদিন অবশ্য পুরোটা সময়ই মাঠে ছিলেন তিনি। তবে কার্ডের নিষেধাজ্ঞায় স্বাভাবিকভাবেই ছিলেন না গত শুক্রবার সেল্তা ভিগোর বিপক্ষে রেয়ালের ২-১ গোলে জয়ের ম্যাচে।

তাই কাররেয়াসের চোটের বিষয়টি সামনে আসে সোমবার। ক্লাবটি বিবৃতি দিয়ে জানায়, ডান পায়ের পেশিতে চোট ধরা পড়েছে এই লেফট-ব্যাকের।

তার চোট কতটা গুরুতর, বা কবে নাগাদ ফিরতে পারেন, কিছুই বলা হয়নি ক্লাবের পক্ষ থেকে। তবে এএস তাদের প্রতিবেদনে লিখছে, সোমবারেই তার অনুশীলনে ফেরার আশায় ছিল দল; কিন্তু সেটা সম্ভব হয়নি। 

ফলে, ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে নিশ্চিতভাবেই খেলতে পারছেন না কাররেয়াস। আগামী বুধবার সান্তিয়াগো বের্নাবেউয়ে হবে ম্যাচটি। পরিস্থিতির উন্নতি হলে আগামী সপ্তাহে ফিরতি লেগে তাকে মাঠে দেখা যেতে পারে।

রক্ষণভাগের দুই নির্ভরযোগ্য ডিফেন্ডার এদের মিলিতাও ও ডাভিড আলাবা আগে থেকেই বাইরে আছেন। সঙ্গে যোগ হলো কোচের আস্থা অর্জন করা কাররেয়াস।

বেনফিকা থেকে গত গ্রীষ্মে রেয়ালে যোগ দিয়ে চলতি মৌসুমে দলটির হয়ে সব মিলিয়ে ৩৪ ম্যাচ খেলেছেন ২২ বছর এই ফুটবলার। 

মিডফিল্ডার দানি সেবাইয়োসও চোটে ভুগছেন। 

সবচেয়ে বড় আঘাত লেগেছে দলটির আক্রমণভাগে। রদ্রিগো ছিটকে গেছেন পুরো মৌসুমের জন্য এবং অ্যাটাকিং মিডফিল্ডার জুড বেলিংহ্যামও আছেন মাঠের বাইরে। এছাড়া গোলের জন্য সবচেয়ে বড় ভরসা কিলিয়ান এমবাপেরও আছে চোট সমস্যা। 

ফরাসি ফরোয়ার্ডকে নিয়ে এখনও পরিষ্কার কোনো কিছু ক্লাবের পক্ষ থেকে অবশ্য জানানো হয়নি। তবে গণমাধ্যমের খবর আসছে ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই। যদিও সোমবার দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি।