২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ দল ঘোষণার আগে আলো ছড়ালেন নেইমার

কার্লো আনচেলত্তির আস্থা অর্জনের জন্য নেইমারের হাতে আছে আর দুটি ম্যাচ।

বিশ্বকাপ দল ঘোষণার আগে আলো ছড়ালেন নেইমার
সান্তোসের জার্সিতে ব্রাজিল তারকা নেইমার। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2026, 07:40 PM

Updated : 26 Aug 2026, 03:35 PM

‘বিশ্বকাপ খেলতে হলে পূর্ণ ফিটনেস ফিরে পেতে হবে’- ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তির বেঁধে দেওয়া শর্ত পূরণ থেকে নেইমার এখনও বেশ খানিকটা দূরে হলেও, ক্লাবের সবশেষ ম্যাচে দ্যুতি ছড়িয়েছেন তিনি। সান্তোসের কোচ কুকার প্রশংসাও পেয়েছেন তারকা ফরোয়ার্ড।

ব্রাজিলের লিগে বাংলাদেশ সময় সোমবার ভোরের ম্যাচে রেড বুল ব্রাগানতিনোর বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছে সান্তোস। বিরতির আগমুহূর্তে দারুণ নৈপুণ্যে দলকে এগিয়ে নেন নেইমার। দ্বিতীয় গোলেও আছে তার অবদান।

নির্ধারিত সময়ের আট মিনিট বাকি থাকতে তাকে তুলে নেন কোচ এবং মাঠ ছাড়ার সময় সমর্থকরা তাকে অভিবাদন জানায়। পরে ম্যাচ শেষে কোচ কুকাও তার উচ্ছ্বসিত প্রশংসা করেন।

“নেইমার খুব ভালো একটা ম্যাচ খেলেছে। সে বল পায়ে রেখেছে, সুযোগ তৈরি করেছে এবং দারুণ খেলে গোলটি করেছে। সে চমৎকার একটি গোল করেছে এবং পরোক্ষভাবে দ্বিতীয় গোলে অবদান রেখেছে।”

“সে খুব ভালো খেলেছে। সে ক্লান্ত হয়ে যাওয়ার পর, তার জায়গায় নামে গাব্রিয়েল বারবোসা।”

এই ম্যাচ দিয়ে সাত ম্যাচের জয়খরা কাটিয়েছে সান্তোস, দলের সাফল্যে খুব খুশি নেইমার।

“গোল করতে পেরে ভালো লাগছে। দলকে সাহায্য করতে পেরে এবং জেতাতে পেরে আমি খুশি, এটাই (জয়) সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

বার্সেলোনা ও পিএসজির সাবেক তারকা ক্যারিয়ারে চতুর্থ বিশ্বকাপ খেলার আশায় আছেন। তবে সেই লক্ষ্যে তার বড় অন্তরায় ফিটনেস।

২০২৩ সালের অক্টোবরে জাতীয় দলে খেলার সময় গুরুতর এসিএলে চোট পান নেইমার, এবং সেই থেকে বারবার চোট তার শরীরে আঘাত হেনেছে। গত আড়াই বছরে কখনোই সেরা ছন্দে আর ফিরতে পারেননি ব্রাজিলের রেকর্ড গোলদাতা, ফিরতে পারেননি জাতীয় দলেও।

এখন আনচেলত্তির আস্থা অর্জনের জন্য তার হাতে আছে দুটি ম্যাচ। তিন দিন পর কোপা দো ব্রাজিলে করিতিবার মুখোমুখি হবে সান্তোস, এরপর এই দলের বিপক্ষেই আগামী রোববার লিগে খেলবে তারা।

এরপর দিনই বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করার কথা আনচেলত্তির।