২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদায়ের পর ‘প্রাপ্য পেনাল্টি’ না পাওয়ার ক্ষোভ স্কটল্যান্ডের

গ্রুপের শেষ ম্যাচে হাঙ্গেরির কাছে হারের পর রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন স্কটল্যান্ডের কোচ স্টিভ ক্লার্ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2024, 03:37 PM

Updated : 26 Aug 2026, 09:51 AM

সুইজারল্যান্ডের বিপক্ষে ড্রয়ের পর শেষ ষোলোতে খেলার আশা জাগিয়েছিল স্কটল্যান্ড। কিন্তু হাঙ্গেরির বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে হেরে বিদায়ঘণ্টা বেজেছে তাদের। ইউরো যাত্রা শেষ হওয়ার ম্যাচে রেফারির একটি সিদ্ধান্তকে দায় দিচ্ছেন দলের কোচ স্টিভ ক্লার্ক।

স্টুটগার্টে রোববার রাতে ‘এ’ গ্রুপের ম্যাচটি ১-০ গোলে জেতে হাঙ্গেরি। নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার পর যোগ করা সময়ের দশম ও শেষ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন কেভিন চোবোথ।

ম্যাচের ৭৯ মিনিটে গোলের দারুণ একটি সুযোগ পান স্কটল্যান্ডের বদলি ফুটবলার স্টুয়ার্ট আর্মস্ট্রং। বক্সে সতীর্থের পাস পাস পাওয়ার পর ডিফেন্ডার উইলি ওরবানের ট্যাকলে পড়ে যান তিনি।

তখন পেনাল্টির জোরাল আবেদন করলেও আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেয়ো সাড়া দেননি। সে দফায় বেঁচে গিয়ে ম্যাচের একদম শেষ মুহূর্তের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে হাঙ্গেরি।

এই জয়ের পরও অবশ্য শেষ ষোলো নিশ্চিত হয়নি হাঙ্গেরির। ৩ পয়েন্ট নিয়ে আপাতত অন্য গ্রুপগুলোর লড়াই শেষ হওয়ার অপেক্ষায় তারা। এই ম্যাচে স্কটল্যান্ড জিতলে পয়েন্ট হতো ৪। সেক্ষেত্রে সেরা তৃতীয় দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা বেশি থাকত তাদের।

ম্যাচ শেষে তাই রেফারিংয়ের ওপর ক্ষোভ ঝারলেন স্কটিশ কোচ। 

"এটি শতভাগ পেনাল্টি ছিল। কারো না কারো, কোথাও না কোথাও আমাকে বোঝাতে হবে যে এটি কেন পেনাল্টি ছিল না। খেলাটি একটিমাত্র গোলের। আমরা যদি পেনাল্টিটা পেতাম, তাহলে রাতটা ভিন্ন হতে পারত।" 

ইউরোপিয়ান প্রতিযোগিতায় আর্জেন্টিনার রেফারিকে ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া নিয়েও অসন্তোষ প্রকাশ করেন ক্লার্ক।

“আমি আরও অন্যভাবে বলতে পারি। তবে সেসব আমি ব্যবহার করব না। আমি বুঝতে পারছি না, ভিএআর কীভাবে এটিকে পেনাল্টি দেয়নি! এটি ইউরোপিয়ান প্রতিযোগিতা। ভালোমানের ইউরোপিয়ান রেফারি থাকলে আরও ভালো হতো।”

“তবে ভিএআরে ইউরোপিয়ান রেফারি ছিল এবং মাঠের রেফারি হয়তো পরিষ্কারভাবে সেটি দেখতে পারেনি। তাহলে ভিএআর থাকার আসলে কারণ কী? তারা যদি এমন ঘটনায় এগিয়ে না আসে! এটি পেনাল্টি ছিল।”