১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

৪০ ডিগ্রির তাপদাহে ‘ভাগ্যবান’ সিনার

আরেক ম্যাচে দারুণ জয়ে কিংবদন্তি রজার ফেদেরারকে ছুঁয়েছেন নোভাক জোকোভিচ।

৪০ ডিগ্রির তাপদাহে ‘ভাগ্যবান’ সিনার
গরম ও ক্র‍্যাম্পের সঙ্গে লড়াইয়ে জিতে চতুর্থ রাউন্ডে জায়গা করে নিলেন ইয়ানিক সিনার। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2026, 07:21 PM

Updated : 26 Aug 2026, 02:47 PM

প্রথম সেটে অপ্রত্যাশিতভাবে হেরে গেলেন ইয়ানিক সিনার। প্রচণ্ড গরমে জাগে তার চোট শঙ্কাও; তার পায়ে ও হাতের পেশিতে ক্র্যাম্প করে। পরে অবশ্য প্রচণ্ড গরমই তার পক্ষে আসে; নিয়ম অনুযায়ী ঢেকে দেওয়া হয় স্টেডিয়ামের ছাদ। অনুকূল পরিবেশ পেয়ে দারুণ পারফরম্যান্সে অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে ওঠেন ইতালিয়ান তারকা।

মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় শনিবার শিরোপাধারীকে প্রথম সেটে চমকে দেন র‌্যাঙ্কিংয়ের ৮৫ নম্বর খেলোয়াড় এলিয়ট স্পিৎজিররি। ওই ধাক্কার সঙ্গে যোগ হয় প্রকৃতির বাধা; তাপমাত্রা ক্রমেই বাড়ছিল, শরীর বেঁকে বসছিল সিনারের।

তাতে ইতালিয়ান তারকার অস্ট্রেলিয়ান ওপেনে হ্যাটট্রিক ট্রফি জয়ের স্বপ্নও ফিকে হয়ে আসছিল। দ্বিতীয় সেট জিতে অবশ্য ঘুরে দাঁড়ান তিনি; কিন্তু প্রথমে পায়ে ও পরে হাতে ক্র্যাম্প করায় আগেভাগে লড়াই থেকে তার ছিটকে পড়ার শঙ্কা জাগে।

সেই সময়ই তার ভাগ্য নতুন মোড় নেয়। তাপমাত্রা বেড়ে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছে পৌঁছে যায়। নির্দিষ্ট মাত্রা অতিক্রম করায় প্রয়োগ হয় টুর্নামেন্টের ‘হিট রুল।’ 

ঢেকে দেওয়া হয় রড লেভার অ্যারেনার ছাদ। সেই সময় বাইরের খোলা কোটগুলোয় খেলা বন্ধ হয়ে যায়। প্রায় ৮০ হাজার দর্শককে সতর্কও করা হয়।

তবে গরম থেকে মুক্তি পেয়ে ২৪ বছর বয়সী সিনার নিজের সেরাটা মেলে ধরেন। টানা তিন সেট জিতে, ৪-৬, ৬-৩, ৬-৪, ৬-৪ গেমে জিতে ওঠেন চতুর্থ রাউন্ডে।

ম্যাচের পর নিজেকে ভাগ্যবান বলেন মোট চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সিনার।

“হিট রুল ভাগ্য আমার সহায় হয়েছে।”

চতুর্থ রাউন্ডে দ্বিতীয় বাছাই সিনার খেলবেন ইতালির লুসিয়ানো দারদেরির বিপক্ষে।

প্রত্যাশিত জয় পেয়েছেন রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নোভাক জোকোভিচও। রড লেভার অ্যারেনাতেই তিনি ৬-৩, ৬-৪, ৭-৬ (৭-৪) গেমে হারিয়েছেন নেদারল্যান্ডসের বোটিক ফন ডে সান্ডশোপকে।

পুরুষ-নারী মিলিয়ে কিংবদন্তি মার্গারেট কোর্টকে (২৪টি) ছাড়িয়ে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডটি একার করে নেওয়ার অভিযানে আছেন জোকোভিচ। বছরের প্রথম এই গ্র্যান্ড স্ল্যামে এটা তার ১০২তম জয়, স্পর্শ করেছেন কিংবদন্তি রজার ফেদেরারকে।

এদিন আরেকটি দারুণ মাইলফলক ছুঁয়ে অসামান্য এক কীর্তিও গড়েছেন সার্ব তারকা। প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম ৪০০ ম্যাচ জিতেছেন ৩৮ বছর বয়সী তারকা।