সাবিনাদের বিদ্রোহের বিস্ফোরণ, হামজার আগমন, মনিকাদের ইতিহাস, আমিরুলদের চমক
ফুটবল, হকি, আর্চারি, টেবিল টেনিসের সাফল্য এবং কিছু বিতর্ক মিলিয়ে ২০২৫ সাল ছিল আলোচিত এক বছর।
দেশের ক্রীড়াঙ্গণে ২০২৫ সাল এককথায় রোমাঞ্চকর একটি বছর। কোচ পিটার জেমস বাটলারের বিরুদ্ধে সাবিনা-মাসুরাদের ‘বিদ্রোহ’ দিয়ে যার শুরু। এরপর ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরীর লাল-সবুজের জার্সি গায়ে তুলে নেওয়া, কানাডা থেকে শমিত সোমের আসা, আফঈদা-মনিকাদের উইমেন’স এশিয়ান কাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন, হকিতে আমিরুল-রাকিবুলদের ঝলক, জাতীয় খেলা কাবাডিতে রুপালি-স্মৃতিদের দারুণ অর্জন, সব মিলিয়ে ছিল প্রাপ্তির আলোয় উজ্জ্বল একটি বছর।
সাবিনাদের ওই বিদ্রোহ ছাড়াও কিছু বিতর্কের আচঁড় ছিল। বিশেষ করে, হকিতে রাসেল মাহমুদ জিমির কিছুটা ব্রাত্য হয়ে পড়া, ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের সৌদি আরবের ক্যাম্প থেকে রোমে ফিরে যাওয়া, নিজ দেশে ‘ভবিষ্যৎ’ না দেখে তারকা আর্চার রোমানা সানা, দিয়া সিদ্দিকীর মতো স্প্রিন্টার জহির রায়হানের দেশান্তরী হওয়ার ঘটনাও তুলেছিল আলোচনা-সমালোচনার ঝড়।
তবুও মোটাদাগে প্রাপ্তির গল্পটাই ছিল বেশি।
বিদ্রোহের বিস্ফোরণের পর সাফল্যের আলো
দিনটি ছিল ৩০ জানুয়ারি, বৃহস্পতিবার। এমনই শীতের সকালে সাবিনা-মাসুরা-মাতসুশিমা সুমাইয়াসহ মোট ১৮ জন নারী ফুটবলার বিদ্রোহ করে বসেন বাটলারের বিরুদ্ধে। কোচের বিরুদ্ধে ‘বডি শেমিং’-এর মতো গুরুতর অভিযোগও আনেন তারা, যা ছিল দেশের ফুটবলে অভাবনীয়, অকল্পনীয় এক বিদ্রোহের ঘটনা। মুহূর্তেই টালমাটাল হয়ে যায় ক্রীড়াঙ্গণ। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন পিটার, দলের ভবিষ্যৎ ভাবনায় সাবিনাদের না রাখার সিদ্ধান্তেও অটল থাকেন তিনি। নড়চড়ে বসে বাফুফে।
অচলাবস্থার অবসান হয় অবশেষে, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা, রুপনা চাকমা, তহুরা খাতুনদের মতো অনেকের জন্য খোলে বাটলারের দরজা; কিন্তু সাবিনা-মাসুরা-কৃষ্না-সানজিদারা আজও উপেক্ষিতই রয়ে গেছেন জাতীয় নারী দলে। বছরের শেষ দিকে এসে অবশ্য বাফুফের গড়া ফুটসাল দলের নেতৃত্বে আছেন দুইবারের উইমেন’স সাফ জয়ী অধিনায়ক সাবিনা। তার সাথে মাসুরা, মার্জিয়ারাও ঠাঁই পান দলে।
এর মাঝেই, জুন মাসে বাটলারের কোচিংয়েই অবিশ্বাস্য এক অর্জনের আলোয় ভাসে মেয়েরা। মিয়ানমারে উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ের বৈতরণী তারা পেরিয়ে যায় দাপটের সাথে। মিয়ানমার (২-১), বাহরাইন (৭-০) ও তুর্কমেনিস্তানকে (৭-০) উড়িয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল মঞ্চে সরাসরি ওঠে আফঈদা খন্দকারের দল। ‘সি’ গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল, বাছাইয়ের আয়োজক মিয়ানমারকে হারানো ম্যাচে জোড়া গোল উপহার দেন ঋতুপর্ণা। এরপর অনূর্ধ্ব–২০ মেয়েরাও প্রথমবারের মতো এশিয়ান কাপ নিশ্চিত করে; জুলাইয়ে সাফ অনূর্ধ্ব-২০ উইমেন’স চ্যাম্পিয়নশিপ জয়ের গল্প লিখে মেয়েরা।
বছরের শেষ দিকে এসে শুরু হয়েছে মেয়েদের লিগ। এক মৌসুম পর ১১ দল নিয়ে লিগ শুরু হওয়ায় নতুন খেলোয়াড় উঠে আসার পথটাও হয়েছে মসৃণ।
হামজা এলেন জয় করলেন
দিনটি ছিল ১৭ মার্চ, সোমবার। অনেক অনিশ্চয়তা, আলোচনার পর দেশের টানে ইংল্যান্ড থেকে হামজা চৌধুরী এলেন। লেস্টার সিটিতে খেলা এই ইংলিশ ডিফেন্সিভ মিডফিল্ডারকে সিলেটবাসী বরণ করে নেয় ‘ঘরের ছেলে’র মতো করে। এরপর ঢাকায় এসে তিনি গায়ে জড়ান লাল-সবুজের জার্সি। দেশের ফুটবলে রাতারাতি তারকা বনে যাওয়া হামজার অভিষেক হয়ে যায় মার্চের শেষ দিকে শিলংয়ে ভারতের বিপক্ষে গোলশুন্য ড্র ম্যাচ দিয়ে।
হামজা উন্মাদনায় দেশের ফুটবলে প্রাণ ফের নতুন করে। জাতীয় স্টেডিয়ামের গ্যালারি ভরে ওঠে সমর্থকে, টিকেটের হাহাকারের অতীত ফিরে আসে নতুন করে, ফুটবল নিয়ে চায়ের কাপে, অলি-গলিতে ফিরে আসে পুরান দিনের উত্তেজনা, উন্মাদনা। যদিও ‘ইনশাল্লাহ, জিতমু’-এই চাওয়া অভিষেকে পূরণ হয়নি হামজার, সে অপেক্ষা ফুরায় নভেম্বরে এসে।
দিনটি ছিল ১৮ নভেম্বর, মঙ্গলবার। এশিয়ান কাপের বাছাইয়ে ভারতকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। দেশের হয়ে ৭ ম্যাচ, ৪ গোলের পরিসংখ্যান নিয়ে বছর শেষ করেন তিনি।
কেবল হামজা নয়, এ বছর প্রবাসীদের লাল-সবুজের জার্সি গায়ে তোলার ঢেউ আছড়ে পড়ে, যা ছিল অভাবনীয়। কানাডা থেকে শমিত সোম, ইতালি থেকে ফাহামিদুল ইসলাম, যুক্তরাষ্ট্র থেকে জায়ান আহমেদ, ইংল্যান্ড থেকে কিউবা মিচেলও আসেন। এদের মধ্যে অবশ্য ফাহামিদুলের সৌদি আরবের ক্যাম্প থেকে ইতালি ফিরে যাওয়া জন্ম দিয়েছিল নানা বিতর্কের।
অভিযোগ ওঠে দলের অন্দরে চলা ‘সিন্ডিকেট’-এর কারণে এই তরুণের জায়গা হয়নি। পরে অবশ্য জুনে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে তার অভিষেক হয় বাংলাদেশের জার্সিতে। তাতে হয় বিতর্কের অবসান।
এ বছরই ৪৫ বছর পর এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে ওঠার স্বপ্ন ডানা মেলেছিল বাংলাদেশের আকাশে। কিন্তু এক জয়, দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় হয়ে ছিটকে যায় দল। পঞ্চম ম্যাচে পাওয়া জয়টি ছিল ভারতের বিপক্ষে, যা ছিল শক্তিশালী প্রতিবেশিদের বিপক্ষে বাংলাদেশের ২২ বছর পর পাওয়া প্রথম জয়ের গল্প। জয়সূচক গোলটি করেছিলেন শেখ মোরসালিন, ম্যাচের একাদশ মিনিটে। জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার অর্জনের খেরোখাতায় ২০২৫ সালে সেরা সাফল্য বলতে ভারতের বিপক্ষে জয়টিই। আট ম্যাচে দুই জয়, চার ড্র এবং দুই হার দিয়ে বছর শেষ হয়েছে জামালদের।
জাতীয় স্টেডিয়ামে ফুটবল ফেরে এই বছর। ২০২০ সালের ১৭ নভেম্বরে সবশেষ এই আঙিনায় জাতীয় দলের ম্যাচ হয়েছিল। এরপর শুরু হয় সংস্কার কাজ। চার বছর পর গত ৪ জুনে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় স্টেডিয়ামে পা পড়ে জামাল-মিতুলদের।
এই বছরই ঘরোয়া ফুটবলে ২৩ বছর পর লিগ জয় করে মোহামেডান, ২০০৭ সালে পেশাদার লিগ নামকরণের পর সাদাকালো জার্সিধারীদের যা প্রথম শিরোপা।
আর্চারিতে আলিফের ঝলক
এশিয়ান পর্যায়ে দেশের প্রথম আর্চার হিসেবে সোনা জয়ের কীর্তি রোমান সানা গড়েছিলেন ২০১৯ সালে, এশিয়া কাপ আর্চারির লেগ-৩ প্রতিযোগিতায়। স্ত্রী দিয়া সিদ্দিকীকে নিয়ে তার যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর খবর চাউর হয় বছরের শুরুর দিকে। পরে তা সত্যি হয়। তাদের দেশান্তরী হওয়ার কারণ বাংলাদেশে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা!
তারকাদের এমন করে দেশত্যাগী হওয়ায় টালমাটাল হয়ে পড়েছিল আর্চারি। এর মধ্যে আব্দুর রহমান আলিফের আলোয় আঁধার কাঁটে কিছুটা। দিনটি ছিল ২০ জুন, শুক্রবার। জাপানের প্রতিযোগী মিয়াতা গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে এশিয়া কাপ আর্চারিতে (লেগ-২) রিকার্ভ পুরুষ এককে সোনা জিতেন তিনি। রোমানের পর দ্বিতীয় বাংলাদেশী হিসেবে এশিয়ান পর্যায়ে সেরা হওয়ার গল্প ছিল সেটি।
বছরের শেষ দিকে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ আয়োজন করে বাংলাদেশ। সোনার হাসি অবশ্য সঙ্গী হয়নি। হিমু বাছাড় ও বন্যা আক্তার কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে রুপা পান, মহিলা কম্পাউন্ড এককে ব্রোঞ্জ এনে দেন কুলসুম আক্তার।
দেশ ছাড়লেন জহির
ইংল্যান্ড প্রবাসী ইমরানুর রহমান ও সুমাইয়া দেশের দ্রুততম মানব-মানবী হন এ বছর। গত অগাস্টে হওয়া জাতীয় অ্যাথলেটিক্সে ১০ দশমিক ৬৪ সেকেন্ড টাইমিং করে সেরা হন বাংলাদেশ নৌবাহনীর হয়ে দৌড়ানো ইমরানুর। এক বছর পরই দ্রুততম মানবের মুকুট ফিরে পান তিনি। ঘরোয়া প্রতিযোগিতায় ১০০ মিটারে পঞ্চমবার সেরা হন ইমরানুর।
১২ দশমিক ১৯ সেকেন্ড টাইমিং করে দ্রুততম মানবীর খেতাব সুমাইয়া ফিরে পান ২০২২ সালের পর।
আরও একটি কারণে অ্যাথলেটিক্স ছিল আলোচনায়। সেটি হচ্ছে জহির রায়হানের দেশান্তরী হওয়া। গত এপ্রিলে শৃঙ্খলাভঙ্গের কারণে তাকে নিষিদ্ধ করেছিল অ্যাথলেটিক্স ফেডারেশন। এরপর তিনি বিকল্প পথের খোঁজে থাকেন। মিলে যায় যুক্তরাষ্ট্রের বৃত্তি। জহির দাবি করেন, ফেডারশেনের কাছ থেকে যুক্তরাষ্ট্রে বৃত্তি নিয়ে যাওয়ার অনুমতি না পাওয়ায় তিনি নিজেই সিদ্ধান্ত নেন দেশান্তরী হওয়ার। ২০২৪ সালে এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটারে রুপা জিতে ইতিহাস গড়া স্প্রিন্টারকে হারায় বাংলাদেশ।
কাবাডি বিশ্বকাপে স্মৃতি-রুপালিদের ব্রোঞ্জ
নারী কাবাডিতে ১৩ বছর আগের প্রাপ্তিকে ছাপিয়ে যাওয়ার বছর ছিল এটি। ২০১২ সালে ভারতের পাটনায় অনুষ্ঠিত প্রথম নারী বিশ্বকাপে বাংলাদেশ হয়েছিল পঞ্চম। এবার সেমি-ফাইনালে উঠে আরও বড় অর্জনের সম্ভাবনা জাগায় রুপালি-স্মৃতিরা। কিন্তু মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চাইনিজ তাইপের বিপক্ষে ২৫-১৮ পয়েন্টে হারে ব্রোঞ্জ নিয়েই তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে।
এই আসর দিয়েই আন্তর্জাতিক কাবাডিকে বিদায় বলেন রুপালী আক্তার। অবশ্য বছর জুড়ে কাবাডিতে এসেছে টুকটাক সাফল্য। গত মার্চে এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছিল মেয়েরা। যুব এশিয়ান গেমসে নারী ও পুরুষ অনূর্ধ্ব–১৮ কাবাডি দল এনেছিল ব্রোঞ্জ।
সলিডারিটি গেমসে মারজিয়া, খই খইদের সাফল্য
সৌদি আরবের রিয়াদে গত নভেম্বরে বসেছিল ইসলামিক সলিডারিটি গেমসের ষষ্ঠ আসরে। খুব বেশি প্রত্যাশা না থাকলেও, মরু দেশটি থেকে সব মিলিয়ে পাঁচটি পদক নিয়ে ফিরেছিল দল। এর মধ্যে সেরা সাফল্য ছিল টেবিল টেনিসের মিশ্র দ্বৈতে জাবেদ আহমেদ ও খই খই মারমা জুটির রুপা জয়। এছাড়া ভারত্তোলনে তিনটি ব্রোঞ্জ জেতেন মারজিয়া আক্তার এবং উশুতে ব্রোঞ্জ পান শিখা খাতুন।
হকিতে আমিরুল আলো
পাকিস্তান অংশ না নেওয়ায় প্রথমবারের মতো জুনিয়র হকি বিশ্বকাপে খেলার সুযোগ আসে আচমকাই, সেটা দারুণভাবে রাঙিয়ে নেয় বাংলাদেশ। পুল পর্বে অবশ্য আলো ছড়াতে পারেনি দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫-৩ ও ফ্রান্সের কাছে ৩-২ হার এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩-৩ ড্রয়ে শেষ ষোলায় জায়গা হয়নি।
তবে স্থান নির্ধারণী পর্বে ওমানকে ১৩-০, দক্ষিণ কোরিয়াকে ৫-৩ এবং শেষ ম্যাচে অস্ট্রিয়াকে ৫-৪ ব্যবধানে হারিয়ে বাংলাদেশ উঁচিয়ে ধরে প্রথমবারের মতো চালু হওয়া চ্যালেঞ্জার ট্রফি।
টুর্নামেন্ট জুড়ে স্টিকের কারুকাজ দেখিয়ে পাদপ্রদীপের আলোয় উঠে আসেন ২০ বছর বয়সী তরুণ আমিরুল ইসলাম। ১৮ বার গোলের আনন্দে ডানা মেলেন তিনি, এর মধ্যে হ্যাটট্রিক পাঁচটি! তাতে বছরের শেষটা হকির সাফল্যে হয় আলোকিত।
কিছুটা হলেও আড়ালে পড়ে যায় তারকা রাসেল মাহমুদ জিমির জাতীয় দলে জায়গা না পাওয়ার ঘটনা।
৩২ বছর বয়স হলে জাতীয় হকি দলের জন্য কেউ বিবেচিত হবেন না, ফেডারেশনের অ্যাডহক কমিটির এমন সিদ্ধান্তে জিমি হয়ে যান ব্রাত্য, যা নিয়ে সমালোচনার ঢেউ উঠেছিল হকির অঙ্গণে।
