২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষ জয় পেল আবাহনী

সুলেমানে দিয়বাতে ও এনামুল ইসলামের গোলে বাংলাদেশ ফুটবল লিগের চলতি আসরে নিজেদের প্রথম জয় পেয়েছে আকাশি-নীল জার্সিধারীরা।

অবশেষ জয় পেল আবাহনী
বাংলাদেশ ফুটবল লিগে প্রথম জয়ের আনন্দ দিয়াবাতে-এনামুলদের। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2025, 07:55 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

ড্র আর হারের বৃত্তে ঘোরপাক খাওয়া আবাহনী অবশেষে পেল জয়ের দেখা। সুলেমানে দিয়াবাতে ও এনামুল ইসলামের গোলে পুলিশ এফসিকে হারিয়ে ব্যর্থতার বৃত্ত ভাঙল মারুফুল হকের দল।

কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার ২-০ ব্যবধানে জিতেছে আবাহনী। 

দুটি গোলই তারা পায় প্রথমার্ধে। ২৫তম মিনিটে দিয়াবাতে দলকে এগিয়ে নেওয়ার পর ৪৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এনামুল।

রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে লিগ শুরুর পর ব্রাদার্স ইউনিয়ন (২-১) ও চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের কাছে (৩-২) হারে আবাহনী। 

ম‍্যাচের শেষ দিকে ১০ জনের দলে পরিণত হয় আবাহনী। যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ডিফেন্ডার আলমগীর মোল্লা।

দিয়াবাতের সফল স্পট কিকে ২৫তম মিনিটে এগিয়ে যায় আবাহনী। মালির এই ফরোয়ার্ডই ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। 

প্রথমার্ধের শেষ দিকে শেখ মোরসালিনের ফ্রি কিকের পর ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন এনামুল।

৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে আবাহনী। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে পাঁচে পুলিশ। 

দিনের অন্য ম্যাচে মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে ফর্টিস এফসি ১-০ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে। 

ষোড়শ মিনিটে জয়সূচক গোলটি করেন রিয়াজ উদ্দিন সাগর। 

৭৪তম মিনিটে আরামবাগের শহীদুল ইসলামের মুখে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন আতিকুর রহমান ফাহাদ। এক জন বেশি থাকার সুবিধা বাকি সময়ে কাজে লাগাতে পারেনি আরামবাগ।

এই জয়ের পর চার ম্যাচে ফর্টিসের পয়েন্ট ৭। সমান পয়েন্ট লিগ টেবিলের শীর্ষ দুই দল বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জ। এই দুই দল ম্যাচ খেলেছে ৩টি।