১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বার্সেলোনার বিপক্ষে ‘ক্লাব ব্রুজ ডাকাতির শিকার হয়েছে’

ম্যাচের শেষ সময়ে ক্লাব ব্রুজের গোল বাতিল করার সিদ্ধান্ত ভুল ছিল বলে মনে করেন ডাচ গ্রেট।

বার্সেলোনার বিপক্ষে ‘ক্লাব ব্রুজ ডাকাতির শিকার হয়েছে’
দারুণ এক জয়ের সম্ভাবনা জাগিয়েও পারেনি ক্লাব ব্রুজ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2025, 06:19 PM

Updated : 26 Aug 2026, 02:37 PM

বার্সেলোনার বিপক্ষে যোগ করা সময়ে ক্লাব ব্রুজের গোল বাতিল করায় ম্যাচ অফিসিয়ালদের তীব্র সমালোচনা করেছেন ডাচ গ্রেট মার্কো ফন বাস্তেন। আয়াক্স ও এসি মিলানের সাবেক এই স্ট্রাইকারের মতে, ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) ভুল সিদ্ধান্ত নিয়েছে।

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার ঘরের মাঠে উজ্জীবিত ফুটবলে পাঁচবারের ইউরোপ চ্যাম্পিয়নদের বিপক্ষে তিন দফায় এগিয়ে গিয়ে জয়ের সম্ভাবনা জাগায় বেলজিয়ামের ক্লাব ব্রুজ। তবে প্রতিবারই সমতা ফেরায় স্প্যানিশ জায়ান্টরা। 

৩-৩ স্কোরলাইনে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে, বার্সেলোনা গোলরক্ষক ভয়চেখ স্ট্যান্সনির কাছ থেকে বল কেড়ে নিয়ে জালে পাঠান ব্রুজের রোমিও ভেরমন্ট। তবে ভিএআরে দীর্ঘ পর্যালোচনার পর মনিটরে দেখে ফাউল দেন রেফারি। তার মতে, স্লাইড করার সময় স্ট্যান্সনিকে ফাউল করেছিলেন ভেরমন্ট।

ম্যাচের পর এক ডাচ টেলিভিশনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করে তিনবারের ব্যালন দ’র জয়ী ফন বাস্তেন বলেন, গোলটি দেওয়া উচিত ছিল।

“ক্লাব ব্রুজ ডাকাতির শিকার হয়েছে! গোলটি দেওয়া উচিত ছিল। স্ট্যান্সনিকে ফাউল করেনি সে (ভেরমন্ট), এমনকি তাকে স্পর্শও করেনি! স্ট্যান্সনি নিজে ফাউলের শিকার হওয়ার মতো আচরণ করেছে।”