২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রেয়াল মাদ্রিদ সব সময় জেতার পথ বের করে নেয়’

অনেক ভিন্ন শৈলী ও ভিন্ন উপায়ে জেতার অ‍ভ‍্যাস থাকা স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নদের নিয়ে সাবধানী লিভারপুল কোচ আর্না স্লট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2024, 11:18 PM

Updated : 26 Aug 2026, 11:00 AM

চ‍্যাম্পিয়ন্স লিগের চলমান আসরে সেরা ছন্দে না থাকা রেয়াল মাদ্রিদকে নিয়ে ভীষণ সাবধানী আর্না স্লট। ইউরোপ সেরার মঞ্চে নিজেদের খুঁজে ফেরা স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নদের নিয়ে লিভারপুল কোচের কণ্ঠে শোনা গেল প্রবল সমীহ। মুখোমুখি হওয়ার আগে কার্লো আনচেলত্তির দলের লড়াকু মানসিকতার প্রশংসা করলেন তিনি। 

বাংলাদেশ সময় বুধরাত রাত ২টায় অ‍্যানফিল্ডে রেয়ালের বিপক্ষে খেলবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। 

একমাত্র দল হিসেবে শতভাগ জয়ের ধারা রেখেছে লিভারপুল। ঘরোয়া লিগের চূড়ায় থাকা দলটি চ‍্যাম্পিয়ন্স লিগেও আছে শীর্ষ। ৪ ম‍্যাচে তাদের পয়েন্ট ১২। ১০ গোল করার বিপরীতে হজম করেছে মোটে একটি। 

অন‍্য দিকে চার ম‍্যাচে দুই জয়ে রেয়ালের পয়েন্ট ৬, আছে ১৮ নম্বরে। ৯ গোল করা দলটি হজম করেছেন সাত গোল। লিল ও এসি মিলানের বিপক্ষে হেরেছে প্রতিযোগিতার রেকর্ড ১৫বারের চ‍্যাম্পিয়নরা। 

পয়েন্ট তালিকায় এগিয়ে যেতে যে এই ম‍্যাচে রেয়াল মরিয়া থাকবে ভালো করেই জানেন স্লট। লিভারপুল কোচ মনে করেন, কেবল তার দলই নয় যে কারোর জন‍্যই রেয়াল সব সময় বড় চ‍্যালেঞ্জ।

“কেবল লিভারপুল নয় তাদের বিপক্ষে ইউরোপে খেলে এমন যে কোনো দলের জন‍্য কাজটা কঠিন। কারণ, তারা এতো ভিন্ন শৈলী ও ভিন্ন উপায়ে জিততে পারে। এ কারণে তারা এই প্রতিযোগিতায় এতোবার শিরোপা জিতেছে।”

“তারা জিততে পারে এবং খুব দাপুটে হতে পারে। তবে ম‍্যাচ যদি কঠিন হয় তবুও তারা জয়ের একটা পথ বের করে ফেলতে পারে কিংবা পরের ধাপে এগিয়ে যেতে পারে। এটাই তাদের বিশেষ করে তুলেছে।”