২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ পয়েন্ট পেয়েও বিদায়ের পর ইউক্রেইন কোচের আক্ষেপ প্রথম ম্যাচ

ইউরোর ইতিহাসে প্রথম দল হিসেবে ৪ পয়েন্ট পেয়েও গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশটিকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2024, 08:18 AM

Updated : 26 Aug 2026, 09:52 AM

গ্রুপের চার দলেরই পয়েন্ট সমান। তারপরও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের নকআউট পর্বে উঠতে পারেনি ইউক্রেইন। পয়েন্ট সমান হওয়ায় অন্যান্য বিবেচনায় বিদায় নিতে হয় তাদের। এজন্য প্রথম ম্যাচের বড় হারকে দায় দিলেন ইউক্রেইন কোচ সের্হি রেব্রোভ।

‘ই’ গ্রুপের শেষ রাউন্ডে বুধবার বেলজিয়ামকে গোলশূন্য ড্রয়ে রুখে দেয় ইউক্রেইন। একই সময়ে শুরু আরেক ম্যাচে ১-১ ড্র করে রোমানিয়া ও স্লোভাকিয়া। 

চার দলের পয়েন্ট সমান ৪। তাই গোল পার্থক্যে রোমানিয়া (১) গ্রুপ সেরা, বেলজিয়াম (১) রানার্সআপ (এই দুই দলের গোল পার্থক্যও সমান হওয়ায় বিবেচনায় এসেছে বেশি গোল দেওয়ার হিসাবে) ও স্লোভাকিয়া (০) চার তৃতীয় সেরা দলের একটি হয়ে শেষ ষোলোয় উঠেছে। দুর্ভাগ্য ইউক্রেইনের (-২ ), প্রতিযোগিতাটির ইতিহাসে প্রথম দল হিসেবে ৪ পয়েন্ট পেয়েও গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো যুদ্ধবিধ্বস্ত দেশটিকে। 

প্রথম ম্যাচে রোমানিয়ার বিপক্ষে ৩-০ গোলের হার নিয়েই তাই বেশি আক্ষেপ ঝরল ইউক্রেইনের সাবেক স্ট্রাইকার রেব্রোভের। 

“দুর্ভাগ্যবশত, প্রথম ম্যাচের কারণে আমরা পরের ধাপে যেতে পারিনি। (ওই ম্যাচে) শুধু ৩ পয়েন্ট না পাওয়াই নয়, ১-০, ২-০ গোলে পিছিয়ে পড়ার পরও আমরা জেগে উঠিনি।”

গত আসরের কোয়ার্টার-ফাইনালে খেলা ইউক্রেইনের এবার নকআউটে যেতে বেলজিয়ামের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না। প্রথমার্ধে খুব একটা সুবিধা করতে না পারলেও শেষ দিকে মরিয়া চেষ্টা চালায় তারা।

“সবাই দেখেছে আমরা জয়ের চেষ্টা করেছি, সুযোগ তৈরি করেছি, কিছু মুহূর্ত ছিল (গোল করার)। দুর্ভাগ্যবশত আমরা শীর্ষ দলগুলোর একটির বিপক্ষে খেলেছি, খুব কঠিন ছিল।”