২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আগামী সপ্তাহের মধ্যে’ নতুন কোচ ঘোষণা করবে ব্রাজিল

রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিকে পেতে ব্রাজিল জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে সংবাদমাধ্যমের খবর।

‘আগামী সপ্তাহের মধ্যে’ নতুন কোচ ঘোষণা করবে ব্রাজিল
দরিভাল জুনিয়রকে বরখাস্ত করার পর এক মাসের বেশি সময় ধরে নতুন কোচ খুঁজছে ব্রাজিল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2025, 10:09 PM

Updated : 26 Aug 2026, 12:39 PM

ব্রাজিল জাতীয় দলের নতুন কোচের নাম জানার অপেক্ষার অবসান হতে পারে শিগগিরই। আগামী সপ্তাহের শেষের দিকে দরিভাল জুনিয়রের উত্তরসূরির নাম ঘোষণার আশা করছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

গত ২৮ মার্চ দরিভালকে বরখাস্ত করার পর থেকে নতুন কোচ খুঁজছে সিবিএফ। ব্রাজিলিয়ান এক টেলিভিশন চানেলের সঙ্গে আলাপে সোমবার সিবিএফ জাতীয় দলের পরিচালক রদ্রিগো কায়েতানো বলেন, আর বেশিদিন অপেক্ষা করতে হবে না তাদের।

“ব্রাজিল জাতীয় দলের কোচ নির্বাচন জাতীয় স্বার্থের বিষয় ও অনেক বড় দায়িত্ব। আমরা আগামী সপ্তাহের শেষের দিকে সিদ্ধান্তে পৌঁছাতে চাই।”

রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিকে পেতে সিবিএফ জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে সংবাদমাধ্যমের খবর।

যদিও সূত্রের বরাত দিয়ে ইএসপিএন লিখেছে, এই ইতালিয়ান কোচের সম্ভাব্য বিদায়ের সময় ও আর্থিক শর্ত নিয়ে অসন্তুষ্ট ইউরোপের সফলতম ক্লাবটি। ফলে আনচেলত্তির ব্রাজিলের দায়িত্ব নেওয়ার বিষয়টি খানিকটা অনিশ্চয়তায় পড়ে গেছে। রেয়ালের লা লিগার ভাগ্য নির্ধারণ না হওয়া পর্যন্ত সিবিএফ অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে।

লা লিগায় চার রাউন্ড বাকি থাকতে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে চার পয়েন্টে পিছিয়ে দুইয়ে আছে রেয়াল। আগামী রোববার মুখোমুখি হবে এই দুই দল। ওই ক্লাসিকোয় এবং ১৫ মে এস্পানিওলের বিপক্ষে জিতলে আগেভাগে শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার।

সিবিএফ আগামী ২৬ মের মধ্যে নতুন কোচ পেতে চায়, জুনে একুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য ওই দিন দল ঘোষণা করবে তারা।

রেয়ালের সঙ্গে আনচেলত্তির চুক্তি আছে ২০২৬ সালের জুন পর্যন্ত। ২০২২ বিশ্বকাপের পর তিতে কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর থেকে অনেকবার আনচেলত্তিকে পাওয়ার চেষ্টা করেছে ব্রাজিল। 

বিকল্প হিসেবে ফ্লামেঙ্গোর সাবেক কোচ জর্জে জেসুসকেও বিবেচনা করছে সিবিএফ। ৭০ বছর বয়সী জেসুস গত শনিবার সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন।

দরিভালের সম্ভাব্য উত্তরসূরি নিয়ে প্রশ্নে কায়েতানো বলেন, “আজ কোনো নির্দিষ্ট নাম নিয়ে কথা বলা খুব কঠিন, কারণ আলোচনার জন্য এটা ফলপ্রসূ হবে না, যা আগামী সপ্তাহের মধ্যে আমরা ঘোষণার আশা করছি।”

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে গত মার্চে আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে হারে ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের তালিকায় তারা চার নম্বরে আছে শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে। এরই মধ্যে চূড়ান্ত পর্বের টিকেট নিশ্চিত করেছে শিরোপাধারী আর্জেন্টিনা। 

এই অঞ্চল থেকে বাছাইয়ের শীর্ষ ছয় দল সরাসরি জায়গা পাবে ৪৮ দলের বিশ্বকাপে, যা হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় যৌথভাবে।