‘ভারতকে হারাতে পারলে আলাদা একটা ভালোলাগা কাজ করে’
উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের মতো নিজেদেরও শক্তিশালী মনে করেন শিরোপাটি দুইবার জেতা শামসুন্নাহার সিনিয়র।
এখন পর্যন্ত ভারতকে হারানোর স্বাদ শামসুন্নাহার সিনিয়র পেয়েছেন দুইবার। ২০২২ ও ২০২৪ সালে, উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে। ওই দুই আসরেই বাংলাদেশ জিতে শিরোপা। এবার ‘বি’ গ্রুপের সেরা হওয়ার লড়াইয়ে দেখা হচ্ছে দুই দলের। বাংলাদেশের লক্ষ্য আগের মতোই জয়ের উচ্ছ্বাসে ভাসার, স্পষ্ট করে বললেন শামসুন্নাহার সিনিয়র।
এবারের ভেন্যু ভিন্ন। ওই দুই জয়ের গল্প বাংলাদেশ লিখেছিল নেপালের কাঠমাণ্ডুতে। রোববার লড়তে হবে, গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। দাঙ্গমেই-সাসারা খেলবেন নিজেদের মাঠে, চেনা দর্শকের সামনে।
সাফে ভারতের বিপক্ষে তাদের মাঠে বাংলাদেশের সেরা প্রাপ্তি স্রেফ একটি গোলশূন্য ড্র। ২০১৬ সালে শিলিগুঁড়ির প্রতিযোগিতার গ্রুপ পর্বে। ওই ড্র দিয়ে ভারতের বিপক্ষে টানা তিন হারের বৃত্ত ভেঙেছিল বাংলাদেশ। সেবার ফাইনালে ফের দেখা হয়েছিল দুই দলের। ৩-১ ব্যবধানের হারে প্রথমবারের মতো ফাইনালে ওঠা মারিয়া-মনিকাদের শিরোপা স্বপ্ন ভেসে গিয়েছিল।
২০১৯ সালে নেপালের বিরাটনগরে অনুষ্ঠিত সাফেও ভারতের বিপক্ষে ৪-০ গোলে হারের তেতো স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এর পরের গল্পে জয়ের হাসি বাংলাদেশের। সবশেষ দুই দেখায় লাল-সবুজ জার্সিধারীরা জয়ী যথাক্রমে ৩-০ ও ৩-১ গোলে। গোয়ায় জয়ের সংখ্যা দুই থেকে তিনে টেনে নিতে চান শামসুন্নাহার।
“ভারতের সাথে আগেও আমরা খেলেছি, এবারও খেলব। অবশ্যই তারা শক্তিশালী দল, আমরা নিজেদের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করব। এখানে চাপের কিছু নাই, ওরাও শক্তিশালী দল, আমরাও শক্তিশালী। ফিফটি-ফিফটি খেলা হবে।”
“আমরা চেষ্টা করব জেতার, ৩ পয়েন্ট নিয়ে ম্যাচ বের করে নেওয়ার। আসলে, ভারতের সাথে জিতলে আমাদের আলাদা একটা ভালোলাগা কাজ করে। আমাদের না শুধু, দেশবাসীর, বাংলাদেশের সবারই একটা ভালো কাজ করে। সেই ক্ষেত্রে আমার মনে হয়, ভারতের বিপক্ষে জেতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”
হ্যাটট্রিক শিরোপা মিশনে শুরুটা জয়ে হলেও, মালদ্বীপের বিপক্ষে ঠিক ডাকাবুকো পারফরম্যান্স ছিল না বাংলাদেশের। ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র, তহুরা খাতুনদের ফিনিশিংয়ের ব্যর্থতায় স্কোরলাইন ৪-২ করতে পারে দল। যেখানে মালদ্বীপের জালে ভারত নিজেদের পোস্ট অক্ষত রেখে গোল করেছিল ১১টি!
মালদ্বীপ ম্যাচে বাংলাদেশের রক্ষণ এলোমেলো হয়ে গিয়েছিল কয়েকবার। দুটি গোলও দল হজম করেছিল রক্ষণের তালগোল পাকানোয়। শামসুন্নাহার বললেন, আগের ম্যাচের মতো ভারতের বিপক্ষে রক্ষণ ছেড়ে তেড়েফুঁড়ে উপরে ওঠার ভুল পথে আর পা বাড়াবেন না তারা।
“আমার মনে হয়, ভারতের সাথে হয়তো আমাদের কৌশল একটু বদল হতে পারে। মালদ্বীপের বিপক্ষে আমরা আক্রমণে যেভাবে গিয়েছি, আমি আর তহুরা কিন্তু উঠে উঠে খেলছি…ভারতের সাথে আমরা এতটা উঠতে পারব না, তহুরাও উঠতে পারবে না, আমিও উঠতে পারব না। কেননা, আমরাও চাপে থাকব, ভারতও চাপে থাকবে।”
