১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাত্তুসোর ইতালি দলে ৩ নতুন মুখ

পিএসজির সঙ্গে ‘ঝামেলায়’ আপাতত খেলার বাইরে গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা, তবে তাকে ডেকেছেন ইতালি কোচ জেন্নারো গাত্তুসো।

গাত্তুসোর ইতালি দলে ৩ নতুন মুখ
লিভারপুলে অভিষেকের আগেই জাতীয় দলে ডাক পেলেন জিওভান্নি লেয়োনি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2025, 05:49 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

ইতালির কোচ হিসেবে প্রথমবার দল ঘোষনা করেছেন জেন্নারো গাত্তুসো, সেখানে তিনি তিন নতুন খেলোয়াড়- জিওভান্নি লেয়োনি, ফ্রান্সেসকো পিও এস্পোসিতো ও জিওভান্নি ফাবিয়ানকে ডেকেছেন। পিএসজির সঙ্গে ‘ঝামেলায়’ আপাতত খেলার বাইরে আছেন অভিজ্ঞ গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মাকে, তকে ঠিকই তাকে বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াডে রেখেছেন দেশটির নতুন কোচ। 

আগামী শুক্রবার দেশের মাটিতে এস্তোনিয়ার বিপক্ষে খেলবে ইতালি। তিন দিন পর হাঙ্গেরিতে ইসরায়েলের মুখোমুখি হবে তারা। 

গত দুটি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে ব‍্যর্থ ইতালি এবারের বাছাইয়ে ‘আই’ গ্রুপে দুই ম‍্যাচে ৩ পয়েন্ট নিয়ে আছে তিনে। নরওয়ের বিপক্ষে ৩-০ গোলে হারার পর মলদোভার বিপক্ষে ২-০ গোলে জিতেছে তারা।

নরওয়ের বিপক্ষে হারার পর জয়ের দেখা পেলেও চাকরি বাঁচাতে পারেননি লুসিয়ানো স্পাল্লেত্তি। তার জায়গায় কোচ হয়ে আসা গাত্তুসোর সামনে অপেক্ষা করছে তাই কঠিন চ‍্যালেঞ্জ।

চার ম‍্যাচে ১২ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে নরওয়ে। তিন ম‍্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ইসরায়েল।

গত মৌসুমে সেরি আয় পার্মার হয়ে ১৭ ম‍্যাচ খেলা লেয়োনি চলতি মাসের শুরুতে যোগ দিয়েছেন লিভারপুলে। এখনও নতুন ক্লাবে অভিষেক হয়নি ১৮ বছর বয়সী ডিফেন্ডারের। 

ধারে সেরি বির দল স্পেৎসিয়ায় খেলার পর গত মৌসুমের শেষ দিকে ইন্টার মিলানে ফেরেন পিও এস্পোসিতো। ক্লাব বিশ্বকাপে রিভার প্লেটের বিপক্ষে প্রথমবার শুরুর একাদশে ফিরে জালের দেখা পান ২০ বছর বয়সী স্ট্রাইকার।  

লুইস এনরিকের পরিকল্পনায় না থাকায় পিএসজির হয়ে পোস্টে দাঁড়ানোর সুযোগ মিলছে না দোন্নারুম্মার। ক্লাব তাকে ‘নতুন ঠিকানা খুঁজে নিতে বলেছে’, তবে সেটা এখনও হয়ে ওঠেনি। তবে তার ওপর আস্থা রেখেছেন গাত্তুসো, ডেকেছেন জাতীয় দলে।