সুইজারল্যান্ড ম্যাচে বদলি নামা সতীর্থদের পারফরম্যান্সে মুগ্ধ নয়ার
সুইসদের বিপক্ষে ড্র-ই জয়ের মতো মনে হচ্ছে জার্মানির অভিজ্ঞ গোলরক্ষকের।
কোনো কিছুতেই মিলছিল না জালের দেখা, চোখ রাঙাচ্ছিল পরাজয়। নিকলাস ফুয়েলখুগের শেষ মুহূর্তের গোলে সুইজারল্যান্ডের বিপক্ষে ড্র করে স্বস্তির নিঃশ্বাস ফেলে জার্মানি। বদলি নেমে ম্যাচের চিত্র বদলে দেওয়া এই ফরোয়ার্ড ভাসছেন এখন স্তুতির জোয়ারে। শুধু তিনি নন, এই ম্যাচে বদলি নামা অন্যান্যদের পারফরম্যান্সেও মুগ্ধ জার্মান অভিজ্ঞ গোলরক্ষক মানুয়েল নয়ার।
ফ্রাঙ্কফুর্টে রোববার রাতে ‘এ’ গ্রুপের শেষ রাউন্ডের খেলায় সুইসদের বিপক্ষে ১-১ ড্র করে জার্মানি। ম্যাচের ২৮তম মিনিটে সুইজারল্যান্ডকে এগিয়ে নেন ড্যান এনডোয়ে। মরিয়া চেষ্টা করেও সমতা ফেরাতে পারছিল না স্বাগতিকরা।
নির্ধারিত সময় শেষ যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে খোলে তাদের ভাগ্য। বাঁ দিক থেকে ডাভিড রাউসের ক্রসে দারুণ হেডে সমতা টেনে দলকে মূল্যবান একটি পয়েন্ট এনে দেন রুশিয়া ডর্টমুন্ড ফরোয়ার্ড ফুয়েলখুগ। তার মতো এই ম্যাচে বদলি হিসেবে খেলতে নেমেছিলেন রাউসও।
শুধু এই দুইজনই নয়, বদলি নেমে মাক্সি বাইয়ার ছড়িয়েছেন আলো। ম্যাচের শেষ ২০ মিনিটে জার্মানির আধিপত্যে এই খেলোয়াড়দের ছিল দারুণ অবদান। ম্যাচ শেষে সতীর্থদের প্রশংসা করে তাই ভোলেননি নয়ার। ড্র করলেও জয়ের আনন্দই পাচ্ছেন তিনি।
“কখনোই একটি দলকে নিয়ে আশা ছেড়ে দেওয়া উচিত নয়, বিশেষ করে আমাদের দলকে নিয়ে, বিশেষ করে আমরা যে বদলি খেলোয়াড় তৈরি করতে পেরেছি। যারা বদলি খেলোয়াড় হিসেবে নেমেছে, ওরা যেন একরাশ সতেজ বাতাস নিয়ে এসেছিল। ফলাফলটি অনেকটা জয়ের অনুভূতি দিচ্ছে।”
তিনবারের ইউরো চ্যাম্পিয়ন জার্মানি এই টুর্নামেন্টের সবশেষ শিরোপা জিতেছিল ১৯৯৬ সালে। এবারের আসরটি হচ্ছে তাদের দেশেই। তাই তাদেরকে ধরা হচ্ছে ফেভারিটদের একটি হিসেবে।
তবে পারফরম্যান্সে এখনও নিজেদের সেরাটা দিতে পারছে না জার্মানরা। সুইজারল্যান্ডের বিপক্ষে দলের পারফরম্যান্সে খুশি নন নয়ারও। অবশ্য শেষ পর্যন্ত ড্র করতে পারায় সন্তুষ্ট তিনি।
“সুইসরা ভালো খেলেছে, তারা সবসময়ই দৃঢ় ছিল এবং আমাদের ওপর চাপ দিচ্ছিল। (প্রথম দুই ম্যাচের মতো) ৯০ মিনিট আমরা ততটা ভালো ছিলাম না। আমার মনে হয় ড্র ন্যায্য ফলাফল। আমরা পয়েন্ট পেয়ে সন্তুষ্ট হতে পারি।”
তিন ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে জার্মানি। সমান ম্যাচে ১ জয় ও ২ ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে রানার্স আপ সুইজারল্যান্ড।
