২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্বস্তি নেই মেসির

চোট কাটিয়ে মাঠে ফেরার পর পুরোপুরি সুস্থ হয়ে ওঠার কথা বললেন লিওনেল মেসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2024, 05:40 PM

Updated : 26 Aug 2026, 09:56 AM

চোটের অস্বস্তিতে এক ম্যাচ বেঞ্চে বসে কাটানোর পর কোয়ার্টার-ফাইনাল দিয়ে মাঠে ফিরেছেন লিওনেল মেসি। পুরো ম্যাচ খেলার পর আর্জেন্টিনা অধিনায়ক জানালেন, আর কোনো অস্বস্তি নেই তার।

বাংলাদেশ সময় শুক্রবার সকালে একুয়েডরের বিপক্ষে শেষ আটের ম্যাচ জিতে সেমি-ফাইনালে নাম লিখিয়েছে আর্জেন্টিনা। মূল ম্যাচ ১-১ গোলে ড্র থাকার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতেছে শিরোপাধারীরা।

শঙ্কা কাটিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ম্যাচই খেলেন মেসি। পারফরম্যান্সের দিক থেকে ব্যক্তিগতভাবে হতাশার দিন কাটান তিনি। তবে ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টসে দেওয়া প্রতিক্রিয়ায় ফিটনেস নিয়ে সন্তুষ্টির কথা জানান আর্জেন্টিনা অধিনায়ক। 

“(পায়ে) যে অস্বস্তি ও যন্ত্রণা ছিল, সেটি থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছিলাম। অল্প অল্প করে অনুশীলন করেছি। শুরুতে কিছুটা ভয় ছিল। ধীরে ধীরে সেটা কেটেছে। সবশেষ অনুশীলনে ভালো বোধ করায় মনে হচ্ছিল, আমি এখানে (কোয়ার্টার-ফাইনাল) থাকতে পারি।” 

“আমার ভালো লেগেছে। কোনো অস্বস্তি হয়নি। কিছু নয়। সবসময়ই চোট বা অস্বস্তির একটা মনস্তাত্বিক ভয় থেকেই যায়। তবে পেশিতে আমার তেমন কিছু ছিল না। (লিওনেল স্কালোনি) আমাকে জিজ্ঞেস করেছিল আমি প্রস্তুত কিনা, আমি বলেছিলাম হ্যাঁ।”

পুরো ম্যাচ খেললেও অনেকটা নিজের ছায়া হয়েই ছিলেন মেসি। মূল ম্যাচে রদ্রিগো দে পলের পাস থেকে ভালো একটি সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু ডান পায়ের দুর্বল শট সহজেই থামান একুয়েডর গোলরক্ষক।

পরে টাইব্রেকারে প্রথম শট নিতে গিয়ে তার পানেনকা শট ক্রসবারে লেগে চলে যায় উপর দিয়ে। শুরুতেই পিছিয়ে পড়লেও এমিলিয়ানো মার্তিনেসের বীরত্বে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

চিলির বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম‍্যাচে খেলার সময় ঊরুতে চোট পান মেসি। টুর্নামেন্টে এখনও নিজের প্রথম গোলের অপেক্ষায় তিনি।