১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ফেদেরারের টেনিসের প্রেমে পড়েছিলেন টেন্ডুলকার

লিওনেল মেসির চোখে সকল ক্রীড়াবিদের জন্য উদাহরণ ফেদেরার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2022, 05:40 PM

Updated : 16 Sep 2022, 06:10 PM

লম্বা একটা সময় ধরে দাপুটে সব পারফরম্যান্স উপহার দিয়েছেন রজার ফেদেরার। একের পর এক রেকর্ড-কীর্তি গড়ে মন জয় করে নিয়েছেন অনেকের। তাদের মধ্যে একজন ক্রিকেট আঙিনার কিংবদন্তি শচিন টেন্ডুলকার। ফেদেরারের অবসরের ঘোষণায় নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভারতের সাবেক এই ব্যাটসম্যান বলেছেন, সুইস তারকার খেলা কতটা উপভোগ করেন তিনি। 

চোটের কারণে অনেক দিন ধরে মাঠের বাইরে থাকা ফেদেরার বৃহস্পতিবার বিদায় বলে দেন পেশাদার টেনিস ক্যারিয়ারের। চলতি মাসের শেষ দিকে লন্ডনে অনুষ্ঠেয় লেভার কাপ দিয়ে দুই যুগের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানবেন ৪১ বছর বয়সী এই সুইস তারকা।

২০১১ সালে ওয়েম্বলডন চলাকালীন সময়ে ফেদেরারের সঙ্গে প্রথম দেখা হয় টেন্ডুলকারের। এরপর থেকে দুইজনের মধ্যে যোগাযোগ বেড়েছে। টুইটারে তাদের নানা সময়ই দেখা গেছে কথা বলতে।

ক্যারিয়ারে ২০টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন ফেদেরার। তার চেয়ে বেশি জিতেছেন কেবল স্পেনের রাফায়েল নাদাল (২২) ও সার্বিয়ার নোভাক জোকোভিচ (২১)। এই তিন জনকে বলা হয় টেনিসের ‘বিগ থ্রি।’ 

সর্বোচ্চ আটবার উইম্বলডন জেতার রেকর্ড এখনও ফেদেরারের। উন্মুক্ত যুগে দ্বিতীয় সর্বোচ্চ মোট ১০৩টি শিরোপা তার। ক্যারিয়ারে রেকর্ড ৩১০ সপ্তাহ র‍্যাঙ্কিংয়ের চূড়ায় ছিলেন তিনি। 

ফেদেরারের সাফল্যমণ্ডিত এই ক্যারিয়ার উপভোগ করেছেন টেন্ডুলকার। প্রিয় টেনিস তারকার বিদায়ে টুইট করে তিনি লিখেন, ফেদেরারের খেলা দেখার অপেক্ষায় থাকতেন তিনি। 

“কী অসাধারণ ক্যারিয়ার, রজার ফেদেরার। আপনার টেনিস ব্র্যান্ডের প্রেমে মজে ছিলাম আমরা। ধীরে ধীরে, আপনার টেনিস খেলা দেখা অভ্যাসে পরিণত হয়েছিল। আর অভ্যাস কখনও অবসর নেয় না, তারা আমাদের অংশ হয়ে থাকে।” 

“চমৎকার সব স্মৃতি উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।”

শুধু টেন্ডুলকারই নয়, ফেদেরারের ভক্ত ছিলেন ক্রীড়াঙ্গনের অন্য জগতের মহাতারকা লিওনেল মেসিও। সময়ের সেরা ফুটবলারদের একজনের চোখে সব ক্রীড়াবিদের জন্য উদাহরণ ফেদেরার। 

“একজন জিনিয়াস, টেনিস ইতিহাসে অনন্য, আর যেকোনো ক্রীড়াবিদের জন্য উদাহরণ। নতুন অধ্যায়ের জন্য শুভকামনা। কোর্টে থেকে আমাদেরকে আনন্দ দিচ্ছেন, এই মুহূর্তটা মিস করব।” 

মাত্র ১৬ বছর বয়সে ১৯৯৮ সালে পেশাদার টেনিস ক্যারিয়ার শুরু করেন ফেদেরার। আগামী ২৩ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া লেভার কাপ দিয়ে শেষ হবে সেই অধ্যায়ের।