২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুব হকি: বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

এই সাফল্য বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ‘একটি নতুন দিগন্ত’ খুলে দেবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2025, 11:56 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ যুব হকি দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার এক বার্তায় তিনি বলেন, ''খেলোয়াড়দের এই অর্জন জাতিকে গর্বিত করেছে। কঠোর পরিশ্রম, শৃঙ্খলা, দলীয় সংহতি ও অদম্য মনোবলের মাধ্যমে খেলোয়াড়রা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও উজ্জ্বল করেছেন।''

তিনি বলেন, ''তরুণ খেলোয়াড়দের শক্তি, কোচিং স্টাফের নিষ্ঠা এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য সম্ভব হয়েছে—যা ভবিষ্যতে বাংলাদেশের হকি খেলাকে আরও সামনে এগিয়ে নেবে।''

সোমবার ভারতের মাদুরাইয়ে অস্ট্রিয়াকে ৫–২ গোলে হারিয়ে এ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ দল।

যুব বিশ্বকাপ হকিতে গ্রুপ পর্ব থেকে বাদ হয়ে যাওয়া আট দলের মধ্যে হওয়া স্থান নির্ধারণী পর্বকে আন্তর্জাতিক হকি সংস্থা এবার আনুষ্ঠানিকভাবে ‘চ্যালেঞ্জার ট্রফি’ নাম দিয়েছে।

এই সাফল্য বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ‘একটি নতুন দিগন্ত’ খুলে দেবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, ''উন্নতি ও উৎকর্ষতার এই ধারাকে ধরে রেখে যুবদের সামনে আরও বৃহৎ সাফল্য অর্জনের সুযোগ রয়েছে।''