২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়ান কাপ ফাইনালে দাঙ্গায় আহত ৫৯

আহতদের মধ্যে সাতজন পুলিশ সদস্যও রয়েছেন।

কলম্বিয়ান কাপ ফাইনালে দাঙ্গায় আহত ৫৯
শিরোপা নিয়ে উল্লাস করছে আতলেতিকো নাসিওনাল। ছবি: আতলেতিকো নাসিওনাল এক্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2025, 03:09 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

কলম্বিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের ফাইনাল রূপ নিল বড় এক দাঙ্গায়। দুই পক্ষের সমর্থকদের সহিংসতায় ৫৯ জন আহত হওয়ার কথা জানিয়েছে স্থানীয় পুলিশ।

কলম্বিয়ান কাপের শিরোপা নির্ধারণী ম্যাচের দ্বিতীয় লেগে বুধবার মুখোমুখি হয় আতলেতিকো নাসিওনাল ও দেপোর্তিভো ইন্দিপেন্দিয়েন্তে মেদেলিন। ম্যাচটিতে ১-০ গোলে জয় পায় নাসিওনাল।

দুই দলের প্রথম লেগ গোলশূন্য ড্র হওয়ায় ১-০ গোলের অগ্রগামিতায় শিরোপা ঘরে তোলে নাসিওনাল।

রেফারি শেষ বাঁশি বাজানোর পর শুরু হয় দুই ক্লাবের সমর্থকদের মধ্যে হাতাহাতি। গ্যালারি থেকে মাঠে নেমে এসে সংঘর্ষে জড়ান তারা। একটা পর্যায়ে বাধা দেওয়া নিরাপত্তাকর্মীদের সঙ্গেও লেগে যায় তাদের।

পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। এই সময় সাতজন পুলিশ সদস্যও আহত হন।

মেদেলিনের মেয়র ফেদেরিকো গুতেইরেস বলেছেন, সহিংসতা যারা সৃষ্টি করেছেন, তাদের প্রত্যেককে এর পরিণতি ভোগ করতে হবে।