লাইপজিগকে ৫-১ গোলে উড়িয়ে দিলেও মাগডেবুর্গ কাণ্ডে বাকরুদ্ধ বায়ার্ন কোচ
বড় জয়ের পরও ফুটবল নিয়ে কথা বলার কোনো অর্থ খুঁজে পাননি ভিনসেন্ট কোম্পানি।
দুর্দান্ত এক জয়ের স্বস্তি সঙ্গী বায়ার্ন মিউনিখের। তবুও শান্তি নেই ভিনসেন্ট কোম্পানির মনে। জার্মানির মধ্যাঞ্চলে মাগডেবুর্গ শহরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় ভীষণ মর্মাহত তিনি। কঠিন এই সময়ে তাই ফুটবল নিয়ে কথা বলতে চাইলেন না জার্মান জায়ান্টদের কোচ।
সাক্সনি-আনহাল্ট রাজ্যের রাজধানী মাগডেবুর্গ শহরে ক্রিসমাস মার্কেটে শুক্রবার ভিড়ের মধ্যে দ্রুত গতির গাড়ির চাপায় অন্তত দুজন নিহত হয়। রাজ্য প্রধান রাইনার হাজেলহফ জানান, যার মধ্যে এক শিশুও ছিল।
ওই ঘটনায় ৬০ জনের বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানান হাজেলহফ।
আর এইদিনই ঘরের মাঠে লাইপজিগের বিপক্ষে বুন্ডেসলিগার ম্যাচ খেলে বায়ার্ন। আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষে স্রেফ উড়িয়ে দেয় তারা। পায় ৫-১ ব্যবধানের বিশাল জয়।
কিন্তু জিতেও খুশি হতে পারছেন না কোম্পানি। ম্যাচ শেষে বললেন, তার জন্য এখন ফুটবল নিয়ে কথা বলার সময় নয়।
“আজ রাতে (শুক্রবার) ফুটবল নিয়ে কথা বলা প্রায় অসম্ভব। এই মুহূর্তে মাগডেবুর্গের মানুষদের নিয়ে ভাবছি আমরা। আশা করি, একটা সময় শান্তি ফিরে আসবে, শুধু জার্মানিতে নয়, সব জায়গায়। আমরা আজ জিতেছি, কিন্তু আশা করি আগামী বছর শান্তির জন্য আরও জয় আসবে।”
এই জয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে টেবিলে শীর্ষস্থান আরও মজবুত করল বায়ার্ন। ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট তাদের। শিরোপাধারী বায়ার লেভারকুজেন এক ম্যাচ কম খেলে ২৯ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।
