২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আনচেলত্তি পিতা-পুত্রের কাছ থেকে শেখার উচ্ছ্বাস ভিতিনিয়োর

ক্লাব বতাফোগোয় দাভিদে আনচেলত্তি ও ব্রাজিল জাতীয় দলে কার্লো আনচেলত্তির কাছ থেকে ফুটবলের বাইরেও জীবনের নানা দিক সম্পর্কে শিখছেন এই ডিফেন্ডার।

আনচেলত্তি পিতা-পুত্রের কাছ থেকে শেখার উচ্ছ্বাস ভিতিনিয়োর
ব্রাজিলিয়ান ডিফেন্ডার ভিতিনিয়ো। ছবি: সিবিএফ

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2025, 06:24 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় থাকা ভিতিনিয়োর ফুটবল ক‍্যারিয়ারে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই ইতালিয়ান। শুধু ফুটবলের কলাকৌশল নয়, জীবনের নানা দিক সম্পর্কেও তাদের কাছ থেকে শিখছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। ক্লাব বতাফোগোয় তার কোচ দাভিদে আনচেলত্তি আর ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে দাভিদের বাবা কার্লো আনচেলত্তি। তাদের কাছ থেকে শেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ভিতিনিয়ো।

ক্রুজেইরো যুব দল থেকে উঠে আসা ভিতিনিয়ো ২০১৮ সালে যোগ দেন সার্কেলা ব্রুহায়। চার বছর সেখানে কাটিয়ে ২০২২ সালে যান বার্নলিতে। সেখানে ৭৫ ম্যাচ খেলে এই সেন্টার-ব্যাক ফিরে আসেন ব্রাজিলে, যোগ দেন বতাফোগোয়। 

এখনও আন্তর্জাতিক ফুটবলে খেলার সৌভাগ্য না হলেও, ২৬ বছর বয়সী ভিতিনিয়ো একবার ডাক পেয়েছিলেন জাতীয় দলের ক্যাম্পে। কিন্তু সেবার শেষ পর্যন্ত তাকে মূল দলে রাখেননি ওই সময়ের কোচ তিতে। বতাফোগোয় দ্যুতি ছড়িয়ে এবার এসেছেন জাতীয় দলে, অপেক্ষায় আছেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়েও আলো ছড়াতে। 

ব্রাজিলের হয়ে বয়সভিত্তিক দলে খেলার অভিজ্ঞতা আছে ভিতিনিয়োর। মূল দলে খেলার জন্য অধীর এই ডিফেন্ডার সিবিএফ টিভির মুখোমুখি হয়ে দুই আনচেলত্তির প্রভাবের কথা বললেন। 

“আমাকে বলা হয়েছে, তার (কার্লো) কাছে মানবিক দিক খুব গুরুত্বপূর্ণ। আর সেটা দাভিদের ক্ষেত্রেও। একজন ব্যক্তি মানুষ হিসেবে কেমন, সেটায় খুব গুরুত্ব দেন তিনি। এক্ষেত্রে তাদের মিল আছে। আনচেলত্তির সঙ্গে কাজ করা… তিনি বিশ্বের সেরা কোচদের একজন। তিনি বিশ্বের সেরা দলকে কোচিং করিয়েছেন, তিনি বিশ্বের সবচেয়ে বড় প্রতিযোগিতার শিরোপা জিতেছেন।”

ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দলের হয়ে খেলেছেন ভিতিনিয়ো, দেশের হয়ে ২০১৯ সালে খেলেছেন অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ। এবার প্রথমবার মূল দলের অংশ হতে পেরে খুশির জোয়ারে ভাসছেন তিনি। 

“আমি এরই মধ্যে বয়সভিত্তিক জাতীয় দলগুলোতে খেলেছি। ছোট থেকেই আমার সবচেয়ে বড় লক্ষ্যে ব্রাজিলের মূল দলের হয়ে খেলা। এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। এতে প্রমাণ হয় যে, আমি কঠোর পরিশ্রম করছি এবং সঠিক পথে আছি। কারণ, এখানে যত অসাধারণ খেলোয়াড় আছে তাতে ব্রাজিল জাতীয় দলে খেলা সহজ নয়। প্রতিদিন একজন নতুন ফেনোমেনন উঠে আসছে।”

“এটার অংশ হতে পারা অমূল্য, এটা অনন্য। যারা এর অংশ হতে পেরেছে, কেবল তারাই জানে এটা কতটা বিস্ময়কর। নিজের জন্য, স্বজনদের জন্য এবং আমার আশেপাশে যারা আছে তাদের সবার জন্য আমি খুশি।”