বাফুফের সাথে কাজ করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন
আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে দুই পক্ষই।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এসে সভাপতি তাবিথ আউয়ালসহ অনান্য কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের দূত মাইকেল মিলার। ভবনের পাশের টার্ফ ঘুরে দেখলেন। নারী উইংয়ের কর্মকর্তা, জাতীয় নারী দলের টিম ম্যানেজারদের সাথে মত বিনিময় করলেন। এরপর গণমাধ্যমকর্মীদের সাথে আলাপচারিতায় বাংলাদেশের ফুটবলের উন্নয়নে বাফুফের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করলেন মিলার।
বাফুফে ভবনে রোববার কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন মিলার। তাকে জার্সি উপহার দেন বাফুফে সভাপতি।
দুই পক্ষের আলোচনা প্রাথমিক পর্যায়ে আছে বলে জানান মিলার। তবে বাংলাদেশের ফুটবলের উন্নয়নে বাফুফের কাছে প্রস্তাবনা চাওয়ার কথাও বলেছেন তিনি।
“আমি মনে করি এটাই (আমরা এখানে এসেছি) সুখবর। আমরা এখানে এসেছি, বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনগুলোকে পৃষ্ঠপোষকতা করার সুযোগগুলো খতিয়ে দেখতে- এটাই বড় খবর। আজকে ছিল প্রাথমিক আলোচনা।”
“কীভাবে তরুণরা নিজেদের ক্যারিয়ার গড়ে তুলতে পারে, দেশ কীভাবে উন্নত ও এগিয়ে যেতে পারে এবং কীভাবে বিশ্বমানের প্রতিযোগিতায় নিজেদের খেলাধুলার বিভিন্ন শাখার দলগুলোর পেছনে এক জাতি হিসেবে ঐক্যবদ্ধ সমর্থন গড়ে তুলতে পারে- এ ধরনের কাজই আমরা আপনাদের সঙ্গে করতে চাই। আজ আমরা অবকাঠামোগত বিষয়েও আলোচনা করেছি। ফেডারেশনের কাছ থেকে একটি প্রস্তাবের অপেক্ষায় থাকব, এরপর আমরা সে অনুযায়ী প্রতিক্রিয়া জানাব।”
সভাপতি তাবিথ জানিয়েছেন, শিগগিরই ইউরোপীয় ইউনিয়নকে একটা প্রস্তাবনা দিবেন তারা।
“আজকে মূলত আমরা একটা মতবিনিময় সভা করলাম। উভয় পক্ষের লক্ষ্য একই- বাংলাদেশ এবং বাংলাদেশের ফুটবলের উন্নয়নে কাজ করা। সেটার জন্য আমরা ভবিষ্যতে একটা প্রস্তাবনা দেব। তার উপর ইউরোপীয় ইউনিয়নের কর্তৃপক্ষ বিবেচনা করবে কীভাবে বাংলাদেশের সাথে কাজ করা যায়। কিন্তু একটা পর্যায়ে আমরা চাই যে দ্রুত একটা পার্টনারশিপে চলে আসতে। কেননা, আমরা সবাই জানি, ইউরোপ হলো দ্য হোম অ্যান্ড অরিজিন অফ ফুটবল।”
“ফুটবলের উত্থান যেভাবে বাংলাদেশে হচ্ছে, আগামীতে বিশ্বকাপ আসছে- সবকিছুর উত্থানের সাথে আমরা মনে করছি, ভবিষ্যৎ পার্টনার (সহযোগী) নির্ধারণের ক্ষেত্রে এটাই সঠিক সময়। তবে আবারও বলছি, আমরা আজ মত বিনিময় করেছি। আমি মনে করি, আমাদের একটা কনক্রিট জায়গায় আসতে একটু সময় লাগবে।”
ইউরোপীয় ইউনিয়নের অনেক সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম- সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেফটি প্রোগ্রাম, ডেভেলপমেন্ট প্রোগ্রামের কথা উল্লেখ করে তাবিথ বলেন, বাফুফের ভবিষ্যৎ পরিকল্পনা আগ্রহী করে তুলেছে ইইউকে।
“উনাদের ভালো লেগেছে যে, আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটা স্ট্রাকচার্ড ভিশন আছে, একটা গোয়িং ফরোয়ার্ড প্ল্যান আছে এবং কিছু কিছু সাফল্যের গল্পও আছে। এগুলো কিন্তু ইউরোপীয় ইউনিয়নে আল্টিমেটলি যারা ডিসিশন মেকার তাদের কনভিন্স করার জন্য এবং তাদের সহজ করে বুঝানোর জন্য সহযোগিতা করে। তারা বিশ্বাস করে যে, খেলাধুলায় একটা অবদান রাখলে এর মাধ্যমেই একটা সুনাম তারা অর্জন করতে পারবেন।”
