১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ অভিযানের শুরুতে ডেভিসকে পাচ্ছে না কানাডা

অধিনায়ককে শিগগিরই পাওয়ার আশা করছেন কানাডা কোচ।

বিশ্বকাপ অভিযানের শুরুতে ডেভিসকে পাচ্ছে না কানাডা
আলফুঁস ডেভিস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2026, 07:35 PM

Updated : 11 Sep 2026, 03:23 PM

ঘরের মাঠে বিশ্বকাপ অভিযান শুরুর আগে বড় ধাক্কা খেয়েছে কানাডা। অধিনায়ক আলফুঁস ডেভিসকে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে পাচ্ছে না তারা।

গত মাসে বায়ার্ন মিউনিখের হয়ে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের ফিরতি লেগে হ্যামস্ট্রিংয়ে চোট পান ডেভিস।

ক্যারিয়ার জুড়েই বারবার চোটের আঘাতে মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার ঘটনাও আছে। কানাডার সবশেষ ২১টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে কেবল দুটিতে খেলতে পেরেছেন এই ডিফেন্ডার। 

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় শুক্রবার রাত ১টায় টরন্টো স্টেডিয়ামে বসনিয়ার মুখোমুখি হবে কানাডা। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কোচ জেসি মার্শ নিশ্চিত করেন, এই ম্যাচে পাওয়া যাবে না ডেভিসকে। বুধবার এমআরআই রিপোর্টে তাকে নিয়ে আশাব্যঞ্জক লক্ষণ দেখা গেছে বলেও জানান তিনি।

“আগামীকাল (শুক্রবার) সে খেলতে পারবে না, কিন্তু সে বরাবরের মতোই পেশির চোট থেকে সেরে ওঠার খুব ভালো সামর্থ্য দেখাচ্ছে। আমরা আশাবাদী যে, আগামী দিনগুলো ও সপ্তাহগুলোয় (তার পুনর্বাসনের) সবকিছু দ্রুত এগিয়ে নিতে পারব এবং তাকে শিগগিরই এখানে অবদান রাখার সুযোগ দিতে পারব।”

‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় আগামী ১৯ জুন কাতার ও ২৫ জুন শেষ ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবে বিশ্বকাপের সহ-আয়োজকরা।