১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কাজাখস্তানকে উড়িয়ে কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশ

উইমেন’স জুনিয়র এশিয়া কাপ হকিতে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

কাজাখস্তানকে উড়িয়ে কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশ
টানা তিন জয়ে সেমি-ফাইনালে উঠেছে বাংলাদেশ। ছবি: বাহফে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Sep 2026, 11:00 AM

Updated : 17 Sep 2026, 02:56 AM

প্রথম কোয়ার্টারে এলো জোড়া গোল। শেষ কোয়ার্টারে এলো আরও দুটি। কাজাখস্তানকে অনায়াসে হারিয়ে উইমেন’স জুনিয়র এশিয়া কাপ হকিতে টানা তৃতীয় জয় তুলে নিয়ে বাংলাদেশ উঠে গেল কোয়ার্টার-ফাইনালের মঞ্চে।

হুলুনবুইর সিটিতে মঙ্গলবার কাজাখস্তানকে ৪-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে এই আসরের চ্যালেঞ্জার পুলের খেলা শুরুর পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল ৫-১ গোলে।

টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে সেরা আটে খেলা নিশ্চিত করল বাংলাদেশ।

তৃতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে রিমন সারিকা এগিয়ে নেন বাংলাদেশকে। প্রথম কোয়ার্টারের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন লিজা আক্তার।

পরের দুই কোয়ার্টারে কোনো দলই পায়নি গোল। চতুর্থ ও শেষ কোয়ার্টারে ফের কাজাখস্তানকে চেপে ধরে বাংলাদেশ। এই কোয়ার্টারের শুরুতে লিমার ফিল্ড গোলের পর সারিকা পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করলে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ।

এ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে বুধবার হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ।