রেকর্ড গড়ে বিশ্বসেরা একাদশে ইয়ামাল
বার্সেলোনা ফরোয়ার্ড ভেঙে দিয়েছেন রেয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপের রেকর্ড।
পিএসজির ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের পাঁচ জন জায়গা পেয়েছেন ফিফপ্রোর বর্ষসেরা একাদশে। পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠনটির বর্ষসেরা পুরুষ একাদশে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন বার্সেলোনার লামিনে ইয়ামাল।
সংস্থাটির ওয়েবসাইটে সোমবার এই তালিকা ঘোষণা করা হয়েছে। এবারের সেরা একাদশ নির্বাচনে সারা বিশ্ব থেকে ভোট দিয়েছেন ২৬ হাজারের বেশি ফুটবলার।
মাত্র ১৮ বছর বয়সে একাদশে জায়গা পেয়ে রেকর্ড গড়েছেন ইয়ামাল। ভেঙে দিয়েছেন কিলিয়ান এমবাপের রেকর্ড; ২০১৮ সালে ১৯ বছর বয়সে প্রথমবার এই একাদশে জায়গা পেয়ে সবচেয়ে কম বয়সের আগের রেকর্ড গড়েছিলেন ফরাসি তারকা।
সেই থেকে দারুণ পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে এবার দিয়ে টানা ষষ্ঠবার জায়গা পেলেন রেয়াল মাদ্রিদের এমবাপে।
তাদের সঙ্গে আক্রমণভাগে প্রত্যাশিতভাবেই আছেন এবারের ব্যালন দ’র জয়ী উসমান দেম্বেলে।
আর টানা পঞ্চমবারের মতো আছেন লিভারপুলের ভার্জিল ফন ডাইক।
ইয়ামালের পাশাপাশি প্রথমবারের মতো জায়গা পেয়েছেন নুনো মেন্দেস, ভিতিনিয়া, পেদ্রি, কোল পালমার ও উসমান দেম্বেলে।
গত মৌসুমে পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগসহ ট্রেবল জয়ের পর ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া জানলুইজি দোন্নারুম্মা সেরা একাদশেরও গোলরক্ষক।
ফিফপ্রো বর্ষসেরা একাদশ:
গোলরক্ষক: জানলুইজি দোন্নারুম্মা (পিএসজি/ম্যানচেস্টার সিটি/ইতালি)
ডিফেন্ডার: ভার্জিল ফন ডাইক (লিভারপুল/নেদারল্যান্ডস), আশরাফ হাকিমি (পিএসজি/মরক্কো), নুনো মেন্দেস (পিএসজি/পর্তুগাল)
মিডফিল্ডার: জুড বেলিংহ্যাম (রেয়াল মাদ্রিদ/ইংল্যান্ড), কোল পালমার (চেলসি/ইংল্যান্ড), পেদ্রি (বার্সেলোনা/স্পেন), ভিতিনিয়া (পিএসজি/পর্তুগাল)
ফরোয়ার্ড: উসমান দেম্বেলে (পিএসজি/ফ্রান্স), কিলিয়ান এমবাপে (রেয়াল মাদ্রিদ/ফ্রান্স), লামিনে ইয়ামাল (বার্সেলোনা/স্পেন)
