২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রোন কান্ডের কানাডা ও বিবর্ণ ব্রাজিল কোয়ার্টার-ফাইনালে

প্রতিপক্ষের ওপর ড্রোন উড়িয়ে ৬ পয়েন্ট কর্তনের পরও টানা তিন জয়ে পরের ধাপে খেলার টিকেট পেয়েছে কানাডা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2024, 02:48 PM

Updated : 26 Aug 2026, 10:08 AM

প্রতিপক্ষের ওপর ড্রোন ওড়ানোয় দায়ে ৬ পয়েন্ট কাটা পড়ে, আন্তর্জাতিক ক্রীড়া আদালতও তাদের আবেদন খারিজ করে দেয়, সব মিলিয়ে প্যারিস অলিম্পিকসে কোয়ার্টার-ফাইনালে কানাডার খেলা পড়ে গিয়েছিল ঘোর শঙ্কায়। তবে, টানা তৃতীয় ম্যাচ জিতে শঙ্কার মেঘ সরিয়ে সেরা আটে উঠেছে অলিম্পিকসের নারী ফুটবলের শিরোপাধারীরা।

মলিনতার খোলসে বন্দী ব্রাজিল গ্রুপ পর্বের শেষ ম্যাচেও পারেনি বৃত্ত ভাঙতে। বুধবার বোর্দোর ম্যাচে স্পেনের বিপক্ষে ২-০ গোলে হেরে যায় আজও অলিম্পিকসে সোনা জিততে না পারা সেলেসাওরা। তবে কানাডার মতো তৃতীয় সেরা দল হিসেবে কোয়ার্টার-ফাইনাল খেলার সুযোগ পাচ্ছে তারাও।

নিউ জিল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচের আগে প্রতিপক্ষের ওপর ড্রোন ওড়ানোর অভিযোগ ওঠে দলটির প্রধান কোচ বেভ প্রিস্টমানের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হওয়ায় কানাডার ৬ পয়েন্ট কর্তন করার পাশাপাশি প্রিস্টমান, দুই অফিসিয়াল জোসেপ লোমবার্ডি ও জেসমিন ম্যান্ডেরকে এক বছরের জন্য নিষিদ্ধ করে ফিফা।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস বা আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছিল কানাডা। সে আবেদনও খারিজ হয়ে যায়। ফলে প্রথম দুই ম্যাচে জয়ের পরও তাদের নামের পাশে পয়েন্ট থাকে শূন্য। তবে নিসে হওয়া শেষ ম্যাচে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়েই সেরা আটে উঠেছে টোকিও অলিম্পিকসের সোনা জয়ীরা।

‘সি’ গ্রুপে নাইজেরিয়াকে ১-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছিল ব্রাজিল, কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে ২-১ গোলে হেরে অনিশ্চয়তায় পড়ে যায় তারা।

স্পেনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও ব্রাজিল পারেনি স্বরূপে ফিরতে। হেরে যায় ২-০ গোলে। এ ম্যাচে লাল কার্ড দেখেন দলটির গ্রেট ফরোয়ার্ড মার্তা। কোয়ার্টার-ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ ফ্রান্স; স্পেন ম্যাচে সরাসরি লাল কার্ড পাওয়া মার্তা এ ম্যাচে তাই খেলতে পারবেন না। 

অন্য তিন কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হবে স্পেন-কলম্বিয়া, যুক্তরাষ্ট্র-জাপান এবং জার্মানি-কানাডা।