২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটির খোঁচায় কান্না নয়, পারফরম্যান্সেই জবাব ভিনিসিউসের

ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ-সেরা হয়ে ভিনিসিউস বললেন, সিটি সমর্থকদের খোঁচানো বিশাল ব্যানার দেখে আরও উজ্জীবিত হয়েছিলেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2025, 11:55 AM

Updated : 26 Aug 2026, 11:48 AM

বিশাল এক ব্যানার গ্যালারিতে। ব্যালন দ’র ট্রফিতে চুমু এঁকে দিচ্ছেন রদ্রি। পাশেই বড় বড় করে লেখা, “Stop Crying Your Heart Out।” যেটির মানে, “কান্নাকাটি করে বুক ভাসিও না।” টিভি ক্যামেরায় ফুটে উঠল সেই বিশাল ব্যানার। পরমুহূর্তেই দেখা গেল, গ্যালারি থেকে সেই দৃশ্য ফোনে ধারণ করছেন রদ্রি। এরপর ক্যামেরা ধরা হলো ভিনিসিউস জুনিয়রের দিকে। ওই ব্যানারের কথাগুলি যে রেয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকার জন্যই!

এমনিতে কথাগুলি জনপ্রিয় একটি গানের। তবে এখানে তা কাজে লাগানো হয়েছে ভিনিসিউসের জন্যই। পেছনের গল্পটা কারও অজানা থাকার কথা নয়।

ভিনিসিউসকে টপকে রদ্রির ব্যালন দ’র পাওয়াকে ঘিরে আলোচনা তো কম হয়নি। ম্যানচেস্টার সিটির মিডফিল্ডারের জয় আগে থেকেই টের পেয়ে ভিনিসিউস ও রেয়াল মাদ্রিদ এবার বর্জন করে ব্যালন দ’র অনুষ্ঠান। ভিনিসিউস পরে ফিফার ‘দা বেস্ট’ স্বীকৃতি পান। রদ্রির ব্যালন দ’র পাওয়ার পক্ষে-বিপক্ষে আলোচনার ঝড় বয়ে যায় ফুটবল বিশ্বজুড়ে। রদ্রি ও ভিনিসিউস নিজেরাও চুপ থাকেননি। 

এবার সেই ভিনিসিউসকে নিজেদের আঙিনায় পেয়েই ম্যানচেস্টার সিটির সমর্থকদের অমন দৃশ্যমান খোঁচা। রদ্রিও সেটায় মজা পাচ্ছিলেন, বোঝাই যাচ্ছিল। শেষ নয় সেখানেই। সামাজিক মাধ্যমে একটি ছবিও পোস্ট করে সিটি, যেখানে দেখা যায়, মাঠে ঢুকছেন ভিনিসিউস। পাশেই ব্যালন দ’র ট্রফিতে রদ্রির চুমুর ছবি। খুব কাছাকাছি একই ফ্রেমে ধরা হয় দৃশ্যটি। 

এভাবে শুরু যে ম্যাচ, সেই ম্যাচের শেষে দেখা যায় ম্যান অব দা ম্যাচের ট্রফি হাতে ভিনিসিউসের হাসি! 

গোল তিনি করতে পারেননি। তবে ম্যাচজুড়ে দুর্দান্ত খেলেছেন। গোলের সুযোগ পেয়েছেন, তৈরি করে দিয়েছেন। বারবার হুমকি হয়েছেন প্রতিপক্ষের রক্ষণে। 

৮৫ মিনিট পর্যন্ত ম্যাচে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা রেয়াল মাদ্রিদ চরম নাটকীয়তা ও উত্তেজনার পর শেষ পর্যন্ত জয় পায় ৩-২ গোলে। 

সিটির সমর্থকদের জবাব দেওয়ার এর চেয়ে ভালো উপায় আর কী হতে পারে!

জবাব একটি অবশ্য ম্যাচ চলার সময়ই দিয়েছেন ভিনিসিউস। গ্যালারি থেকে সিটির সমর্থকেরা যখন গলা ফাটিয়ে চিৎকার করছিল, ‘তোমার ব্যালন দ’র কোথায়…?’, ভিনিসিউস এক পর্যায়ে জার্সিতে খোদাই করা ‘১৫’ সংখ্যাটি দেখিয়ে দেন। রেয়াল মাদ্রিদের ১৫টি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের গর্বের প্রতিচ্ছবি যা।

ম্যান অব দা ম্যাচের ট্রফি নেওয়ার পর মুভিস্টারকে ভিনিসিউস বলেন, প্রতিপক্ষের ব্যানার তাকে তাতিয়ে দিয়েছিল ভালো পারফর্ম করতে।

 “আমি দেখেছি এটা (ব্যানার)। প্রতিপক্ষ সমর্থকেরা যখন এরকম কিছু করে, সবসময়ই আমাকে তা আরও বেশি শক্তি জোগায় দারুণ খেলতে এবং এখানে সেটিই করতে পেরেছি।”

“সিটি তো আমাদের ইতিহাস জানেই… তাদের জানার কথা, এই প্রতিযোগিতায় আমরা কী করেছি…।”

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ কার্লো আনচেলত্তিও বললেন একই কথা

“জানি না, ভিনি এটি দেখেছে কি না। তবে ম্যাচে যা দেখলাম… ভিনি যদি ব্যানারটি দেখে থাকে, এটা তাকে সম্ভবত আরও উজ্জীবিত করেছে ভালো করতে।”

ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা অবশ্য বললেন, তিনি এই ব্যানার দেখেননি। তবে ভিনিসিউস যে অসাধারণ ফুটবলার, তা বলেছেন তিনি।