১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ট্রফি না জিতলেও ব্যালন দ’র জয়ে নিজের চেয়ে ভালো কাউকে দেখেন না এমবাপে

ব্যালন দ’র ব্যক্তিগত পারফরম্যান্সের পুরস্কার এবং সেখানে নিজেকেই এবার সবচেয়ে বেশি যোগ্য মনে করেন রেয়াল মাদ্রিদের ফরাসি তারকা।

ট্রফি না জিতলেও ব্যালন দ’র জয়ে নিজের চেয়ে ভালো কাউকে দেখেন না এমবাপে
গত মৌসুমে গোল্ডেন বুট জিতেছেন কিলিয়ান এমবাপে। ছবি: রয়টার্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Sep 2026, 01:30 PM

Updated : 17 Sep 2026, 02:58 AM

দলীয় সাফল্য নেই, তো কি হয়েছে? ব্যালন দ’র তো ব্যক্তিগত পারফরম্যান্সের পুরস্কার! কিলিয়ান এমবাপের ভাবনা ঠিক এমনই। গত মৌসুমে রেয়াল মাদ্রিদ কোনো ট্রফি জেতেনি, ফ্রান্সও পারেনি বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধার করতে। কিন্তু এমবাপে সব টুর্নামেন্টেই ছিলেন দারুণ সফল। ব্যালন দ’র জয়ে তাই নিজেকেই সচেয়ে যোগ্য মনে করছেন রেয়াল মাদ্রিদের ফরাসি তারকা।

রেয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরুর আগে গত সোমবার সংবাদ সম্মেলনেও এমবাপে বলেছিলেন, এবার ব্যালন দ’র জিততে পারবেন বলে প্রবলভাবেই বিশ্বাস তার। সেই বিশ্বাসের পক্ষে যুক্তি তুলে ধরলেন তিনি ফ্রান্স ফুটবলের সঙ্গে সাক্ষাৎকারে। 

এমবাপে বললেন, মতামতের ভিন্নতা থাকবেই। তবে ব্যক্তিগত পুরস্কারের লড়াইয়ে দলীয় সাফল্যের প্রভাব থাকা উচিত নয়। 

“আমি বিশ্বাস করি, এ বছর আমি এটি জিততে পারব। এটি আমার অন্যতম একটি লক্ষ্য এবং বলা যায়, স্বল্পমেয়াদী লক্ষ্য। লোকে বলতে পারি, আমি (ক্লাব বা দেশের হয়ে) কোনো ট্রফি জিতিনি, কিন্তু এটি তো ব্যক্তিগত পুরস্কার। এটাও কখনও দেখিনি যে. কোনো ব্যালন দ’র পুরস্কারজয়ী সর্বসম্মতিক্রমে বিজয়ী হয়েছেন। মতপার্থক্য থাকেই।

কেউ কি কখনও শতভাগ ভোট পেয়ে জিতেছে? এর মানে হলো, সবসময়ই এমন কেউ না কেউ থাকে, যে মনে করে বিজয়ী ফুটবলারটি আসলে এই পুরস্কারের যোগ্য ছিল না। ভাবনার বিভেদ এরকম থাকবেই।”

ব্যক্তিগত পারফরম্যান্স বিবেচনায় নিলে এমবাপেকে সবার ওপরে রাখতেই হবে। গত মৌসুমে ২৫ গোল করে লা লিগায় তিনি ছিলেন সর্বোচ্চ গোলস্কোরার, ১৫ গোল করে তিনি সবার ওপরে ছিলেন চ্যাম্পিয়ন্স লিগেও। এরপর বিশ্বকাপে ১০ গোল করে জিতে নেন গোল্ডেন বুট। বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি গোলের রেকর্ডেও নিজেকে সবার ওপরে তুলে নেন ২২ গোলে।

তবে রেয়াল মাদ্রিদের মৌসুম কেটেছে ট্রফিবিহীন। বিশ্বকাপের সেমি-ফাইনালে ফ্রান্স হেরে যায় স্পেনের কাছে। পরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হারে ইংল্যান্ডের বিপক্ষে। 

ব্যক্তিগত পারফরম্যান্সের পথ ধরেই এমবাপে নিজের বিশ্বাসে অটল, তিনিই সবচেয়ে উপযুক্ত। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলস্কোরারের রেকর্ডটিও তার পক্ষে কাজ করে বলে মনে করেন তিনি। 

“ব্যক্তিগতভাবে আমার চেয়ে ভালো কেউ ছিল না। আমরা অর্জন নিয়ে কথা বলছিলাম। বড় প্রতিযোগিতাগুলোতে, যেখানে সব সেরা ফুটবলার থাকেন, সেখানে এতগুলো গোল করা এবং অবশ্যই বিশ্বকাপের মতো সবচেয়ে বড় আসরে, প্রতিযোগিতার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়া—এগুলোর তো ওজন আছে। যখন ছুটি কাটাচ্ছিলাম, সবাই শুধু এসব নিয়েই আমার সাথে কথা বলেছে।”

গত বিশ্বকাপে মিরোশ্লাভ ক্লোসাকে ছাড়িয়ে গোলের রেকর্ডটি নিজের করে নিয়েছিলেন লিওনেল মেসি। পরে আর্জেন্টাইন জাদুকরকে ছাড়িয়ে চূড়ায় উঠে যান এমবাপে। মেসির মতো একজনকে ছাড়িয়ে যেতে পারায় এই অর্জনকে আরও বিশেষ কিছু মনে করেন তিনি। 

“বিশ্বকাপের তাৎপর্য পুরোপুরি উপলব্ধি করা কঠিন। এটা সেরা ফুটলারদের, সেরা তারকাদের, খেলার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়দের প্রতিযোগিতা। নিজেকে যখন বলি যে, ২৭ বছর বয়সে আমিই সেই ব্যক্তি, যে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি গোল করেছে….! 

“এবং এই অর্জন আরও বেশি স্পেশাল, কারণ লিও মেসির কাছ থেকে রেকর্ডটি নিজের করে নেওয়া….যিনি অনেকের চোখেই ক্রিশ্চিয়ানোর (রোনালদো) পাশাপাশি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়। এটা অসাধারণ। এই ধরনের অর্জন অন্যরকম।”

ব্যালন দ’র জয়ের লড়াইয়ে একসময় এই মেসি ও রোনালদোর বাইরে আরও কেউ প্রবেশ করতেই পারেননি। এমবাপের বিশ্বাস, ওই দুই কিংদন্তির মতো ভিন্ন কিছু তিনি করতে পেরেছেন গত মৌসুমে। 

“ব্যালন দ'র নিয়ে আমার ধারণা মেসি এবং রোনালদোর যুগ থেকে এসেছে। সাধারণ কোনো ফুটবলারের জন্য এই পুরস্কার নয়। এটি তাদেরই দেওয়া হয়, যারা অন্যদের থেকে আলাদা। আমি মনে করি, এই বছর ভিন্ন কিছু করতে পেরেছি। তাই বিশ্বাস করি, আমি এটি জিততে পারি।”