চ্যাম্পিয়ন ম্যাডিসন কিসকে বিদায় করে শেষ আটে পেগুলা
সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে স্বদেশেরই অ্যামান্ডা অ্যানিসিমোভার মুখোমুখি হবেন জেসিকা পেগুলা।
অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককে ম্যাডিসন কিসের শিরোপা ধরে রাখার অভিযান থেমে গেল চতুর্থ রাউন্ডেই। একপেশে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের তারকাকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠলেন তার ঘনিষ্ঠ বন্ধু জেসিকা পেগুলা।
বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে সোমবার মেলবোর্নে স্রেফ ৭৮ মিনিটেই ৬-৩, ৬-৪ গেমে জেতেন ৩১ বছর বয়সী পেগুলা।
রড লেভার অ্যারেনায় এদিন ২৬টি উইনার মারেন ৩০ বছর বয়সী কিস, পেগুলার চেয়ে যা ১২টি বেশি। কিন্তু ২৮টি ‘আনফোর্সড এরর’ এর কারণে হেরে যান গত বছর এখানে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতা কিস।
সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে যুক্তরাষ্ট্রেরই অ্যামান্ডা অ্যানিসিমোভার মুখোমুখি হবেন পেগুলা।
গত বছরের উইম্বলডন ও ইউএস ওপেনের ফাইনালিস্ট অ্যানিসিমোভা চতুর্থ রাউন্ডে ৭-৬ (৪) ৬-৪ গেমে হারান চীনের ওয়াং জিনয়ুকে।
