২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাদে ম্যানচেস্টার সিটিকে নিয়ে সতর্ক লিভারপুল কোচ

এবারের লিগে প্রথম দেখায় অ্যানফিল্ডে অনায়াসে জিতলেও ইতিহাদ স্টেডিয়ামে কাজটা সহজ হবে না বলে মনে করেন লিভারপুল কোচ আর্না স্লট।

ইতিহাদে ম্যানচেস্টার সিটিকে নিয়ে সতর্ক লিভারপুল কোচ
লিভারপুল কোচ আর্না স্লট। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2025, 08:11 PM

Updated : 26 Aug 2026, 11:52 AM

চলতি মৌসুমে খুব বাজে সময় কাটছে ম্যানচেস্টার সিটির। প্রিমিয়ার লিগে প্রথম দেখায় আড়াই মাস আগে অ্যানফিল্ডে তাদের অনায়াসে হারিয়েছে লিভারপুল। তবে পেপ গুয়ার্দিওলার দল এখন বেশ উন্নতি করেছে বলে মনে করছেন আর্না স্লট। তাই ইতিহাদ স্টেডিয়ামে ফিরতি ম্যাচ নিয়ে খুব সতর্ক লিভারপুল কোচ।

দুই দলের লড়াইয়ে গত ডিসেম্বরে ঘরের মাঠে ২-০ গোলে জিতেছিল লিভারপুল। রোববার সিটির মাঠে হবে ফিরতি লেগ।  

২৬ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৪৪ পয়েন্ট নিয়ে দুইয়ে গতবারের চ্যাম্পিয়ন সিটি। দুই দলের ব্যবধান ১৭ পয়েন্টের। সিটির শিরোপা ধরে রাখার আশা একরকম শেষই হয়ে গেছে।

গত বুধবার তারা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে শেষ ষোলোর প্লে-অফের ফিরতি লেগে রেয়াল মাদ্রিদের মাঠে ৩-১ গোলে হেরে। সবশেষ লিগ ম্যাচে অবশ্য ইতিহাদে নিউক্যাসল ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছে গুয়ার্দিওলার দল। 

ফিরতি লড়াইয়ের আগে সেটিই মনে করিয়ে দিলেন লিভারপুল কোচ স্লট। 

“নিউক্যাসলের বিপক্ষে ফলাফল বিবেচনায় নিলে, আমি দেখতে পাচ্ছি তারা ইতোমধ্যেই (ফর্মে) ফিরে এসেছে। সিটির বিপক্ষে ইতিহাদে (স্টেডিয়াম) গেলে সবাই যা আশা করে, সেটাই আশা করতে হবে। সেখানে ভুগতে হবে, বল দখলে রাখায় তারা এত ভালো যে, আমাদের গোলপোস্ট থেকে তাদের দূরে রাখতে কঠোর পরিশ্রম করতে হবে। তবে তারাও শক্তিশালী দলের মুখোমুখি হচ্ছে, যারা (প্রিমিয়ার লিগে) ২২ ম্যাচে হারেনি।”

এবার লিগে একটি ম্যাচই কেবল হেরেছে লিভারপুল, গত সেপ্টেম্বরে ঘরের মাঠে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ১-০ গোলে। সবশেষ তিন ম্যাচের দুটিতে অবশ্য পয়েন্ট হারিয়েছে তারা।