২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কুৎসিত ম্যাচ, টানা দুটি পাস খেলতে পারিনি’, ড্রয়ের পর মেসির ক্ষোভ

বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার বিপক্ষে ড্রয়ের পর জলাবদ্ধ মাঠ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ও কোচ লিওনেল স্কালোনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2024, 11:21 AM

Updated : 26 Aug 2026, 10:38 AM

মাঠ তো নয় যেন জলাধার! আন্তর্জাতিক ম্যাচ তো বহুদূর, স্বীকৃত পর্যায়ের কোনো ম্যাচ এই মাঠে খেলা কঠিন। সেখানেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলে ফেলল আর্জেন্টিনা ও ভেনেজুয়েলা। ম্যাচ শেষে ফলাফল নিয়ে আলোচনা সামান্যই। বরং মাঠের অবস্থা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ও কোচ লিওনেল স্কালোনি।

ভেনেজুয়েলার মাতুরিনে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। 

কখনও বিশ্বকাপে না খেলা ও শক্তি-সামর্থ্যে অনেক পিছিয়ে থাকা দলের বিপক্ষে পয়েন্ট হারানোয় এমনিতে হতাশ থাকার কথা আর্জেন্টিনার। তবে সেই ফুটবলীয় আলোচনার উপায়ই ছিল না এ দিন। ফুটবল খেলাটাই যে হলো না! বরং জলাবদ্ধ মাঠে বল নিয়ে ছুটোছুটির চেষ্টা দেখা গেল কেবল। বৃষ্টিভেজা পাড়ার মাঠে ফুটবল খেলার মতো যেন।

খেলা শুরুর আগে প্রবল বৃষ্টিতে মাঠে পানি জমে যায়। মাঠকর্মীদের অনেক চেষ্টার পর প্রায় আধ ঘণ্টা দেরিতে শুরু হয় ম্যাচ। কিন্তু তখনও মাঠ উপযুক্ত ছিল না মোটেও। প্রচুর পানি জমে ছিল তখনও। বারবার সেখান আটকে গেছে বল। ফুটবলাররা পিছলে পড়েছেন দফায় দফায়। স্বাভাবিক ছন্দময় ফুটবলের কোনো উপায় ছিল না সেখানে।

প্রতিক্রিয়া প্রকাশে বরাবরই যিনি পরিমিত, সেই মেসিও ম্যাচ শেষে নিজেকে ধরে রাখতে পারলেন না। 

“খুবই কঠিন ছিল… কুৎসিত এক ম্যাচ…। টানা দুটি পাসও আমরা খেলতে পারিনি। মাঠে পানির জন্য বল বারবার থমকে যাচ্ছিল।”

“দ্বিতীয়ার্ধে ডান দিক থেকে কিছুটা খেলতে পেরেছি আমরা। তবে এভাবে তো খেলা কঠিন। এই অবস্থায় খেলা যায় না। মাঠে কোনো সহায়তা পাওয়া যায়নি। ফুটবল কমই হয়েছে এখানে।”

বিশ্বকাপ বাছাইয়ে এই নিয়ে টানা দুই ম্যাচে জয়ের দেখা পেল না কোপা ও বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে ম্যাচের ফল নিয়ে কথাই বলতে চাননি মেসি। 

“আমরা ড্র করেছি, কারণ এই মাঠে খেলা আমাদের জন্য কঠিন ছিল। যেভাবে প্রস্তুতি আমরা নিয়েছি, সেরকম খেলা এখানে সম্ভব ছিল না। তার পরও আমরা লড়াই করে গেছি। প্রতিপক্ষের ভুলকে কাজে লাগানোর চেষ্টা করেছি। পেছনে দিকে পাস খুব একটা দিতে পারিনি। প্রথমার্ধে কয়েক দফায় পেছনে পাস দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু পানিতে আটকে গেছে এবং পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। জলাবদ্ধ মাঠে যতটা সম্ভব ছিল, খেলার চেষ্টা করেছি আমরা।”

কণ্ঠে একইরকম ক্ষোভ ছিল ডিফেন্ডার রদ্রিগো দে পলের।

“আমাদের জন্য খেলার উপযুক্ত অবস্থা হলো ভালো একটি মাঠ, ভালো আবহাওয়া, বল ছুটবে প্রত্যাশামতো। খুব বেশি কিছু তো আমরা চাই না, তাই না? আজকে এখানে ফুটবল খেলার অবস্থা ছিল না।”

বিরক্তি প্রকাশে পিছপা হননি কোচ লিওনেল স্কালোনিও।

“ফুটবল খেলার ন্যূনতম অবস্থাও ছিল না এই মাঠে। আমাদের যা করার দরকার ছিল, তা করার চেষ্টা করেছি আমরা। তবে এই পর্যায়ের দুটি দলের খেলা হওয়ার মতো অবস্থা সেখানে ছিল না।”

এতকিছুর মধ্যে মেসির একটি স্বস্তি ছিল দেশের জার্সিতে ফিরতে পারা। কোপা আমেরিকার ফাইনালে চোট পাওয়ার পর মাস দুয়েক মাঠের বাইরে ছিলেন বিশ্বকাপজয়ী মহাতারকা। ইন্টার মায়ামির বেশ কিছু ম্যাচে যেমন খেলতে পারেননি তিনি, তেমনি দেখা যায়নি আর্জেন্টিনার হয়েও। অবশেষে প্রিয় জার্সিতে ফিরতে পেরে তিনি স্বস্তির ছোঁয়া পাচ্ছেন।

“আর্জেন্টিনার হয়ে খেলার অপেক্ষাটা ছিল একটু বেশিই দীর্ঘ। ক্লাবের হয়েও অনেক ম্যাচ খেলতে পারিনি। মাঠে ফিরতে পেরে, টানা খেলতে পেরে এবং দেশের হয়ে ফিরতে পেরে আমি খুশি। আর্জেন্টিনার হয়ে খেলতে না পারলে খারাপ লাগে সবসময়। ফিরতে পেরে ভালো লাগছে।”

টানা দুই ড্রয়ের পর ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। এ দিনই বলিভিয়ার কাছে হেরে যাওয়া কলম্বিয়া দুইয়ে আছে ৯ ম্যাচ ১৬ পয়েন্ট নিয়ে। ৮ ম্যাচে ১৫ পয়েন্ট পাওয়া উরুগুয়ের সুযোগ আছে তাদেরকে টপকে যাওয়ার। 

চিলিকে এ দিন শেষ সময়ের গোলে হারিয়ে ১৩ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে ব্রাজিল।