১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চুক্তি না করলে চলে যেতে হবে, ভিনিসিউসকে রেয়াল- খবর ইএসপিএনের

বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে, এই ফরোয়ার্ডকে পেতে চায় আর্সেনাল; তবে তার সঙ্গে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা এখনও যোগাযোগ করেনি বলে খবর।

চুক্তি না করলে চলে যেতে হবে, ভিনিসিউসকে রেয়াল- খবর ইএসপিএনের
রেয়াল মাদ্রিদের জার্সিতে ভিনিসিউস জুনিয়র। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2026, 03:47 PM

Updated : 11 Sep 2026, 03:46 PM

রেয়াল মাদ্রিদে ভিনিসিউস জুনিয়রের ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে গুঞ্জন বাড়ছে। সূত্রের বরাত দিয়ে ইএসপিএন লিখেছে, অল্প সময়ের মধ্যে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড যদি নতুন চুক্তি না করে, তাহলে তাকে এই গ্রীষ্মেই বিক্রি করে দিতে আলোচনা শুরু করবে স্প্যানিশ ক্লাবটি।

গণমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভিনিসিউসের চুক্তির মেয়াদ বাড়ানোর আগের প্রস্তাবে যে সুযোগ সুবিধার কথা বলা হয়েছিল, সেই পরিকল্পনা থেকেও নাকি সরে এসেছে ক্লাবটি।

বিশ্বকাপের পর ছুটি কাটিয়ে আগামী সোমবার প্রাক-মৌসুমের প্রস্তুতির জন্য ক্লাবে ফেরার কথা ভিনিসিউসের। তবে, তার চুক্তির মাত্র এক মৌসুম বাকি থাকায়, সান্তিয়াগো বের্নাবেউয়ে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। 

ক্লাবের সূত্র থেকে ইএসপিএন জানতে পেরেছে, রেয়ালের কর্মকর্তাদের সঙ্গে ভিনিসিউসের প্রতিনিধির এখনও আলোচনায় বসার তারিখ নির্ধারিত হয়নি। তাই ক্লাব মনে করে, পুরো বিষয়টি এখন খেলোয়াড়ের ওপর নির্ভর করছে; তিনি কি নতুন চুক্তি করতে চান নাকি অন্যত্র চলে যেতে চান।

এদিকে, বিভিন্ন ব্রিটিশ গণমাধ্যমে বেশ কিছুদিন ধরেই খবর আসছে যে, ভিনিসিউসকে খুব করে দলে পেতে চায় আর্সেনাল। তবে এই তারকার ঘনিষ্ঠ এক সূত্র ইএসপিএনকে জানিয়েছে, প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের থেকে এখনও কোনোরকম যোগাযোগ করা হয়নি।

রেয়ালের সঙ্গে ভিনিসিউসের নতুন চুক্তির বিষয়টি অনেকদিন ধরেই ঝুলে আছে। 

গত সপ্তাহে বিবিসির প্রতিবেদনে বলা হয়, দারুণ প্রতিভাবান উইঙ্গার ইয়ান ডিওমান্ডকে চুক্তিভুক্ত করার শেষ পর্যায়ে আছে মাদ্রিদের ক্লাবটি। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে নাকি সমঝোতায় পৌঁছেছেন আইভরি কোস্টের ১৯ বছর বয়সী এই ফুটবলার।

ওই খবরে ভিনিসিউসের ‘রেয়াল ছাড়ার সম্ভাবনার গুঞ্চন’ নতুন মাত্রা পায়।

২০১৮ সালে টিএনএজার হিসেবে রেয়ালে যোগ দেন ভিনিসিউস। ক্লাবটিতে শুরুর দিকে তার মানিয়ে নিতে বেশ সময় লাগলেও, পরে বিশ্বের সেরা ফুটবলারদের একজন হয়ে ওঠেন তিনি। দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পথে ফাইনালে গোল করেন তিনি। ২০২৪ সালে ব্যালন দ’রের লড়াইয়ে হন রানার্সআপ এবং ওই বছরের ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেন তিনি। 

এবারের গ্রীষ্মে ইতোমধ্যে পাঁচ জন নতুন খেলোয়াড় চুক্তিভুক্ত করেছে রেয়াল মাদ্রিদ। সবশেষ তারা দলে নিয়েছে তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড কার্লোস এস্পিকে।