১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দ্রুততম মানব-মানবী ইমরানুর ও শিরিন

সুমাইয়া দেওয়ানের কাছে পূর্বে হারানো দ্রুততম মানবীর মুকুট ফিরে পেলেন শিরিন আক্তার।

দ্রুততম মানব-মানবী ইমরানুর ও শিরিন
বাংলাদেশ জাতীয় অ্যাথলেটিক্সে নারী ও পুরুষ ১০০ মিটারে সেরা শিরিন আক্তার (বাঁয়ে) ও ইমরানুর রহমান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2026, 06:57 PM

Updated : 11 Sep 2026, 03:17 PM

ইংল্যান্ড প্রবাসী ইমরানুর রহমানকে কেউ তেমন চ্যালেঞ্জ জানাতে পারলেন না। জাতীয় অ্যাথলেটিক্সে আবারও দ্রুততম মানব হলেন তিনি। মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে বাড়তি নজর ছিল শিরিন আক্তারের দিকে। গত সামার অ্যাথলেটিক্সে সুমাইয়া দেওয়ানের কাছে দ্রুততম মানবীর মুকুট হারানো বাংলাদেশ নৌবাহিনীর এই অ্যাথলেট ফিরে পেলেন শ্রেষ্ঠত্ব।

পল্টনের জাতীয় স্টেডিয়ামে রোববার ১০ দশমিক ৫৮ সেকেন্ডে দৌড় শেষ করেন ইমরানুর। জাতীয় ও সামার অ্যাথলেটিক্স মিলিয়ে এ নিয়ে ছয়বার সেরা হলেন তিনি। এবার ইমরানুরের টাইমিংয়েও হয়েছে উন্নতি। গত অগাস্টের সামার অ্যাথলেটিক্সে তার টাইমিং ছিল ১০ দশমিক ৬৪ সেকেন্ড।

ইমরানুর অবশ্য ব্যক্তিগত সেরা টাইমিংকে ছাপিয়ে যেতে পারেননি। ২০২২ সালে তিনি দ্রুততম হয়েছিলেন ১০ দশমিক ২৯ সেকেন্ড সময় নিয়ে। 

১০ দশমিক ৮৬ সেকেন্ড সময় নিয়ে নৌবাহিনীর মোহাম্মদ ইসমাইল দ্বিতীয় ও বিমানবাহিনীর নাঈম ইসলাম ১০ দশমিক ৯১ সেকেন্ড টাইমিং করে হয়েছেন তৃতীয়।

মেয়েদের বিভাগে সেরা হওয়া শিরিন দৌড় শেষ করেছেন ১২ দশমিক ১০ সেকেন্ডে। গত সামার অ্যাথলেটিক্সে তিনি দ্বিতীয় হন ১২ দশমিক ২১ সেকেন্ড টাইমিং করে। ওই আসরে সেরা হয়েছিলেন সুমাইয়া দেওয়ান।

এ নিয়ে জাতীয় ও সামার অ্যাথলেটিক্স মিলিয়ে ১৭ বার দ্রুততম মানবী হলেন শিরিন। সেরা মুকুট ফিরে ফিরে পেলেও তিনি পারেননি ব্যক্তিগত সেরা টাইমিং পেছনে ফেলতে; ২০২২ সালে ১১ দশমিক ৯৫ সেকেন্ডে দৌড় শেষ করেছিলেন নৌবাহিনীর এই দৌড়বিদ।

সুমাইয়া এবার ছিলেন বড্ড বিবর্ণ। ১২ দশমিক ৪১ সেকেন্ড সময় নিয়ে তিনি হয়েছেন চতুর্থ। বাংলাদেশ সেনাবাহিনীর শরিফা খাতুন (১২ দশমিক ২৫) ও রেখা আক্তার (১২ দশমিক ৩৪) যথাক্রমে হয়েছেন দ্বিতীয় ও তৃতীয়।