২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এই ম্যাচ নয়, অসাধারণ সব ম্যাচ দিয়ে স্মরণীয় হয়ে থাকবে মদ্রিচ’

রেয়াল মাদ্রিদে লুকা মদ্রিচের শেষটা ভালো না হলেও তিনি এই ক্লাবের কিংবদন্তিই থাকবেন বলে মনে করেন কোচ শাবি আলোন্সো।

‘এই ম্যাচ নয়, অসাধারণ সব ম্যাচ দিয়ে স্মরণীয় হয়ে থাকবে মদ্রিচ’
রেয়ালে শেষটা সুখকর হলো না মদ্রিচের। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2025, 04:56 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

রেয়াল মাদ্রিদে লুকা মদ্রিচের শেষটা এতটা বিবর্ণ হবে, কে ভেবেছিল? ট্রফিশূন্য মৌসুমটা ক্লাব বিশ্বকাপ জয় দিয়ে কিছুটা রাঙানোর আশাও শেষ হয়ে গেছে তাদের। সেই সঙ্গে, পিএসজির বিপক্ষে পুরো দলের ছন্নছাড়া পারফরম্যান্স এবং পর্যদুস্ত হওয়ার ধরনে ক্যারিয়ারের সবচেয়ে সফল এক অধ্যায়ের শেষটা ভীষণ বাজে হলো মদ্রিচের।

তবে শুধু একটি ম্যাচ নয়, অতীত সাফল্য দিয়েই মদ্রিচ এই ক্লাবে স্মরণীয় হয়ে থাকবেন বলে মনে করেন রেয়াল কোচ শাবি আলোন্সো।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বুধবার ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজিকে ন্যূনতম চ্যালেঞ্জও জানাতে পারেনি রেয়াল। ৯ মিনিটের মধ্যে দুটি ও ২৪ মিনিটের মধ্যে আরেকটি গোল হজম করে কোণঠাসা হয়ে পড়া দলটি শেষ পর্যন্ত ৪-০ গোলে হেরে বিদায় নিয়েছে সেমি-ফাইনাল থেকে। 

দুই তারকা কিলিয়ান এমবাপে ও ভিনিসিউস জুনিয়রের সঙ্গে আসরের চমক গন্সালো গার্সিয়াকে নিয়ে গড়া রেয়ালের আক্রমণভাগকে খুঁজেই পাওয়া যায়নি। তাদের মাঝমাঠেও ছিল একই দশা। পূর্বে অনেক সাফল্যের কারিগর মদ্রিচও শেষ আধা ঘণ্টায় বদলি হিসেবে নেমে পারেননি কিছু করতে।

লুকাস ভাসকেসের সঙ্গে এই ম্যাচ দিয়ে রেয়াল মাদ্রিদ অধ্যায় শেষ হলো লুকা মদ্রিচের। ২০১৮ সালের ব্যালন দ’র জয়ী ক্রোয়াট মিডফিল্ডার মদ্রিচ মাদ্রিদের দলটির সবচেয়ে সফল খেলোয়াড়। ২০১২ সালে সান্তিয়াগো বের্নাবেউয়ে যোগ দিয়ে ক্রমেই দলটির মিডফিল্ডে তিনি হয়ে ওঠেন সবচেয়ে নির্ভরযোগ্যদের একজন; এখানে রেকর্ড ৬টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি লা লিগা, ৫টি ক্লাব বিশ্বকাপসহ মোট ২৮টি ট্রফি জিতেছেন তিনি।

ক্লাবের গ্রেট ফুটবলারদের একজন হয়ে ওঠা তারকার শেষটা তাই এভাবে হওয়াটা কোনোভাব্যেই কাম্য নয়। রেয়াল কোচ আলোন্সো অবশ্য বিষয়টাকে এভাবে দেখছেন না। ম্যাচ শেষে তিনি বলেন, শেষটা যেমনই হোক না কেন, মদ্রিচ এই ক্লাবের কিংবদন্তিই থাকবেন।

“এমন শেষ কোনোভাবেই প্রত্যাশিত নয়, তিক্ত সমাপ্তিই হলো; কিন্তু তাকে আজকের ম্যাচ দিয়ে মনে রাখা হবে না, বরং অসাধারণ সব ম্যাচ দিয়েই স্মরণীয় হয়ে থাকবে সে।”

“সে রেয়াল মাদ্রিদ ও বিশ্ব ফুটবলের কিংবদন্তি এবং আজ তার খেলা ২৫ মিনিট দিয়ে নয়, পূর্বে যে অনেক অনেক দুর্দান্ত সব পারফরম্যান্স সে করেছে, তা দিয়েই সে স্মরণীয় হয়ে থাকবে।”

রেয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়ার মতে, মদ্রিচ চলে যাওয়ায় দলে অনেক বড় এক শূন্যতা তৈরি হবে। 

“মদ্রিচ সবসময়ই দর্শকদের অভিবাদন পায়, কেবল রেয়াল মাদ্রিদ সমর্থকদের থেকে নয়। সে দুর্দান্ত এক খেলোয়াড়, অসাধারণ এক সতীর্থ এবং আমরা তাকে মিস করব।”

রেয়াল মাদ্রিদের হয়ে ৫৯৭টি ম্যাচ খেলে বিদায় নিলেন মদ্রিচ। ৩৯ বছর বয়সী এই তারকা এসি মিলানে যোগ দিতে যাচ্ছেন।