Published : 02 Jul 2026, 07:48 PM
বিশ্বকাপ থেকে নাটকীয় বিদায়ের পর, বিস্ফোরক ঘোষণা দিয়েছেন পাপ গেই। দলের বর্তমান কোচিং স্টাফের ওপর ক্ষোভ চেপে রাখতে পারেননি সেনেগালের এই মিডফিল্ডার। পাপ চাওয়ের কোচিং প্যানেল দায়িত্বে থাকা পর্যন্ত জাতীয় দলের হয়ে আর খেলবেন না তিনি।
উত্তর আমেরিকা বিশ্বকাপে বুধবার শেষ বত্রিশের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে অবিশ্বাস্যভাবে হেরে যায় সেনেগাল। ৮৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকা আফ্রিকার দলটি অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে শেষ পর্যন্ত পায় ৩-২ ব্যবধানে হারের তেতো স্বাদ।
এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নিজের সিদ্ধান্তের কথা জানান ২৭ বছর বয়সী গেই।
“বিশ্বকাপ থেকে বাদ পড়া প্রসঙ্গে কিছু কথা বলতে আমি আবারও সবার সামনে আসব… তবে আজ ঘোষণা করছি, যতদিন এই কোচিং স্টাফ দায়িত্বে আছে, ততদিনের জন্য আমি জাতীয় দল থেকে বিরতি নিচ্ছি।”
ভিয়ারেয়ালের ফুটবলার গেই এবারের বিশ্বকাপে দুটি গোল করেন, ইরাকের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে। বেলজিয়ামের বিপক্ষে শুরুর একাদশেও ছিলেন তিনি। ৬৬ মিনিটে তাকে তুলে আরেক মিডফিল্ডার লামিন কামারাকে নামান কোচ পাপ চাও।
জয়ের সুবাস পেতে থাকা সেনেগালকে শেষ দিকে তিক্ত স্বাদ দেন রোমেলু লুকাকু ও ইউরি টিলেমান্স। নির্ধারিত সময়ের শেষ তিন মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরান তারা দুইজন।
অতিরিক্ত সময়ে ডি বক্সে কামারার ফাউলের শিকার হন টিলেমান্স। ভিএআরে পর্যালোচনার পর, মনিটরে দেখে পেনাল্টি দেন রেফারি। বিতর্কিত সেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন টিলেমান্স। সেই গোল আর শোধ করতে পারেনি সেনেগাল।