২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাঁটুর ব্যথায় ভুগছেন রদ্রি, জানালেন গুয়ার্দিওলা

চ্যাম্পিয়ন্স লিগের আসছে ম্যাচে এই মিডফিল্ডারকে পাবেন কিনা, নিশ্চিত নন ম্যানচেস্টার সিটি কোচ।

হাঁটুর ব্যথায় ভুগছেন রদ্রি, জানালেন গুয়ার্দিওলা
ম‍্যানচেস্টার সিটি মিডফিল্ডার রদ্রি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2025, 07:53 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

দীর্ঘদিন মাঠের বাইরে থেকে ফিরলেও এখনও যেন পুরোপুরি ফিটনেস ফিরে পাননি রদ্রি। হাঁটুর ব্যথায় ভুগছেন ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার। কোচ পেপ গুয়ার্দিওলা নিশ্চিত করেছেন, এই কারণেই বার্নলির বিপক্ষে ম্যাচে রদ্রি খেলতে পারেননি। 

ইতিহাদ স্টেডিয়ামে শনিবার বার্নলিকে ৫-১ গোলে হারায় সিটি। দাপুটে সেই জয়ের ম্যাচের স্কোয়াডেই ছিলেন না রদ্রি। ২০২৪ সালের সেপ্টেম্বরে আর্সেনালের বিপক্ষে ম্যাচে এসিএল চোটে পড়েন ওই বছরের ব্যালন দ’র জয়ী এই স্প্যানিশ ফুটবলার।

লম্বা বিরতির পর গত মৌসুমের শেষদিকে মাঠে ফেরেন রদ্রি। জুন-জুলাইয়ের ক্লাব বিশ্বকাপেও খেলেন তিনি। এরপর আবার ফিটনেস সমস্যায় ভুগতে হয় তাকে, খেলতে পারেননি এবারের প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে, উলভসের বিপক্ষে। 

দ্বিতীয় ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে খেলতে পারেন ১৫ মিনিট। পরে ম্যানচেস্টার ইউনাইটেড, নাপোলি ও আর্সেনালের বিপক্ষে টানা তিন ম্যাচে শুরুর একাদশে খেলে ছন্দে ফেরার আভাস দেন তিনি। কিন্তু এরপরই আবার জাগে চোট শঙ্কা; বার্নলির বিপক্ষে নামতে পারেননি হাঁটুর তীব্র ব্যথায়।

কোচ পেপ গুয়ার্দিওলা সোমবার বার্নলির বিপক্ষে রদ্রির না খেলার কারণ নিশ্চিত করেন।

“রদ্রি অনুশীলন করছিল এবং হঠাৎ করেই আমাকে বলল, ‘আমি খেলতে পারব না। আমার হাঁটুতে অনেক ব্যথা। আমি খেলতে পারব না, পারব না।’ তখন আমি বললাম, যদি খেলতে নাই পারো, তবে পারবে না।”

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার মোনাকোর মুখোমুখি হবে সিটি। রদ্রি এই ম্যাচে খেলতে পারবেন কি না, তা নিশ্চিত করে বলতে পারেননি গুয়ার্দিওলা। 

“আমি এখনো নিশ্চিত নই, (রদ্রির ফিটনেস নিয়ে) আমি জানি না।”