‘পরাজয় আমাদের প্রাপ্য’, আতলেতিকোর বিপক্ষে ভরাডুবির পর আলেন্সো
কোনোরকম অজুহাত না দেখিয়ে দলের পারফরম্যান্সের তীব্র সমালোচনা করলেন রেয়াল মাদ্রিদ কোচ।
‘শাবি আলোন্সোর রেয়াল মাদ্রিদ বড় দলের সামনে পড়লেই ব্যর্থ’, আতলেতিকো মাদ্রিদের মাঠে ভিনিসিউস-রদ্রিগোদের আত্মসমর্পনের পর মুন্দো দেপোর্তিভোর একটি শিরোনাম নজর কেড়েছে। আলোন্সোর কোচিংয়ে দলটির এ পর্যন্ত পথচলায় দৃষ্টি দিলেই সেটা পরিষ্কার হয়ে যায়-১৫ ম্যাচে ১২ জয়, একটি ড্র এবং দুটি হার; পরাজয় দুটিই নামে ও ভারে বড় দলের বিপক্ষে এবং দুটিতে তাদের হয় ভরাডুবি।
সান্তিয়াগো বের্নাবেউয়ে কার্লো আনচেলত্তির উত্তরসূরি আলোন্সোর কোচিংয়ে রেয়াল মাদ্রিদের মাঠের যাত্রা শুরু হয় জুন-জুলাইয়ের ক্লাব বিশ্বকাপ দিয়ে। সেখানে কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত অপরাজিত পথচলার পর, সেমি-ফাইনালে পিএসজির বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হয় এমবাপে-ভিনিসিউসরা। সেই ধাক্কা সামলে চলতি মৌসুমে দুর্দান্ত সূচনা করে তারা; লা লিগায় প্রথম ছয়টিসহ সব মিলিয়ে টানা সাত ম্যাচ জিতে খেলতে নামে মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে এবং দ্বিতীয় বড় ম্যাচে আবার নাকানিচুবানি খায় তারা।
ওয়ান্দা মেত্রোপলিতানোয় শনিবার লা লিগার ম্যাচে বেশিরভাগ সময়ই দ্বিতীয় সেরা দল হয়ে ছিল রেয়াল। ফলাফলেও তা স্পষ্ট, ৫-২ গোলে হারে তারা।
শুরুতে পিছিয়ে পড়ার পর, কিলিয়ান এমবাপে ও আর্দা গিলেরের দারুণ দুটি গোলে এক পর্যায়ে এগিয়ে গেলেও, সত্যিকার অর্থে মাঠের নিয়ন্ত্রণ তারা নিতে পারেনি কখনোই। আর দ্বিতীয়ার্ধে তো ছন্নছাড়া পারফরম্যান্সে ন্যুনতম চ্যালেঞ্জও জানাতে পারেনি প্রতিপক্ষকে।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে আলোন্সোও দলের ও নিজের ব্যর্থতা কোনো ‘কিন্তু’ ছাড়াই মেনে নিলেন।
“আমাদের জন্য খারাপ একটি ম্যাচ হলো। আমরা ভালোভাবে শুরু করিনি, দলগতভাবে কিংবা বল পায়ে অথবা বল ছাড়াও ভালো খেলিনি। আমরা এখন দল হিসেবে গড়ে ওঠার পর্যায়ে আছি; এটা আমাদের প্রখম পরাজয়…যা হয়েছে, এখানেই আমাদের ইতি টেনে এগিয়ে যেতে হবে।”
“এটা অবশ্যই আমাদের ভবিষ্যতের জন্য সাহায্য করবে; কিন্তু এখানে কোনো অজুহাত নেই। আমরা কষ্ট পাচ্ছি, আমাদের সমর্থকদের মতোই। এটা একটা ডার্বি ছিল এবং পরাজয় আমাদের প্রাপ্য। মাঠে আমরা স্বরূপে ছিলাম না, আমাদের পারফরম্যান্সে ঘাটতি ছিল…এই হার কষ্টদায়ক।”
এই হারের পর সবচেয়ে কোন বিষয়টি বেশি দুর্ভাবনার, এমন প্রশ্নের উত্তরে আলোন্সো ছেলেদের মাঠে ঠিকমতো লড়াই করতে না পারাকে তুলে ধরলেন।
“আমাদের পারফরম্যান্সে তীব্রতার অভাব ছিল, আমরা ভালোভাবে নিজেদের মেলে ধরতে পারিনি। এই মুহূর্তে আমাদের মধ্যে একটা ভাবনা কাজ করছে, কী হতে পারতো, তবে আমাদের আরও পর্যালোচনা করতে হবে।”
“আমরা ঠিকমতো লড়াই করতেই পারিনি। এইরকম ম্যাচে, এমন দলের বিপক্ষে যেভাবে লড়াই করতে হয়, দল আজ তা করেনি। আমাদেরকে নিজেদের মান বাড়াতে হবে। সামনে এটাই আমরা করব।”
এই পরাজয়ের পর লিগ টেবিলের শীর্ষস্থান হারানোর মুখে পড়ে গেছে রেয়াল মাদ্রিদ।
সাত ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে আপাতত অবশ্য শীর্ষেই আছে তারা। এক ম্যাচ কম খেলে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে বার্সেলোনা।
