ব্যর্থতা মুছে ২ জয়ের লক্ষ্যে জার্মানির দল ঘোষণা
সরাসরি আগামী বিশ্বকাপের টিকেট কাটতে বাছাইয়ে সামনের ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে।
সবশেষ চার ম্যাচে জয় মাত্র একটি, এতেই পরিষ্কার মাঠের ফুটবলে জার্মানদের নাজুক অবস্থা। হতাশাময় এই পথচলা থেকে চটজলদি ঘুরে দাঁড়াতে মরিয়া দলটি। সরাসরি আগামী বিশ্বকাপের টিকেট কাটতে, বাছাইয়ে আসছে দুই ম্যাচে যেকোনো মূল্যে জিততে চান দলটির প্রধান কোচ ইউলিয়ান নাগেলসমান।
আগামী ১০ অক্টোবর বাছাইয়ে পরের ম্যাচের লুক্সেমবার্গের মুখোমুখি হবে জার্মানি। এর তিন দিন পর তারা খেলবে নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে। ম্যাচ দুটির জন্য বৃহস্পতিবার ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন নাগেলসমান।
গত মাসে প্রথম দেখায় এই নর্দান আয়ারল্যান্ডকেই ৩-১ গোলে হারিয়ে তিন ম্যাচের হারের পর জয়ের পথে ফেরে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
বাছাইয়ে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের তৃতীয় স্থানে আছে জার্মানি। তাদের সমান পয়েন্ট নিয়ে দুইয়ে নর্দান আয়ারল্যান্ড। আর দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে স্লোভাকিয়া।
ইউরোপ অঞ্চলের বাছাইয়ে প্রতিটি গ্রুপের শীর্ষ দল সরাসরি ২০২৬ বিশ্বকাপে জায়গা পাবে। আর রানার্সআপ দলগুলোকে পেরিয়ে আসতে হবে কঠিন প্লে-অফ পর্ব।
তাই সরাসরি মূল পর্বের টিকেট পেতে পরের ম্যাচগুলোয় জয়ের বিকল্প নেই জার্মানদের সামনে। দলের উদ্দেশ্যে সেই বার্তায় দিলেন কোচ নাগেলসমান।
“সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিতে (আসছে) দুটি ম্যাচেই জিততে হবে, এটা আমাদের পরিষ্কার লক্ষ্য। আমরা কয়েকজন খেলোয়াড়কে পাব না, তারপরও সাম্প্রতিক সময়ের চেয়ে ভালো পারফরম্যান্স করার জন্য আমাদের স্কোয়াডে যথেষ্ট মানসম্পন্ন খেলোয়াড় আছে।”
চোটের কারণে এবার রেয়াল মাদ্রিদ সেন্টার-ব্যাক আন্টোনিও রুডিগার ও বায়ার্ন মিউনিখের উইঙ্গার জামাল মুসিয়ালাকে পাবে না জার্মানি। তবে বরুশিয়া ডর্টমুন্ডের সেন্টার-ব্যাক নিকো শ্লটারবেককে ফিরে পেয়েছেন নাগেলসমান।
স্লোভাকিয়ার বিপক্ষে ২-০ গোলে অপ্রত্যাশিত হারে বিশ্বকাপ বাছাই শুরু করে জার্মানরা। ওই ম্যাচের আগে উয়েফা নেশন্স লিগের ফাইনালসে পর্তুগাল ও ফ্রান্সের বিপক্ষে হেরেছিল তারা।
পুরনো সেসব হতাশা দূরে ঠেলে, সবশেষ ম্যাচের জয়ের আত্মবিশ্বাসে এখন এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ জার্মানির সামনে।
