২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রেয়াল মাদ্রিদের প্রয়োজন ‘ভালো একজন কোচ’

ভালো একজন কোচ দলকে আবার সাফল্যের পথে ফেরাতে পারে, বলছেন রেয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2026, 05:13 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

টানা দুটি মৌসুমে বড় কোনো ট্রফি নেই। রেয়াল মাদ্রিদের মতো একটি ক্লাবের জন্য মহাবিপর্যয়ই বটে। চারপাশ থেকে তাই দলে ভাঙা-গড়ার ডাক আসছে অনেক। তবে সেসবে কান দিচ্ছেন না ফ্লোরেন্তিনো পেরেস। রেয়াল মাদ্রিদের সভাপতির মতে, বিশ্বমানের ফুটবলারের অভাব নেই তার দলে। প্রয়োজন শুধু ভালো মানের একজন কোচ।

গত মৌসুমের ব্যর্থতার পথ ধরে কার্লো আনচেলত্তির বিদায়ের পর রেয়াল মাদ্রিদ এবারের মৌসুম শুরু করে শাবি আলোন্সোর কোচিংয়ে। কিন্তু মাঠের ভেতরে অধারাবাহিকতা ও মাঠের বাইরে নানা সমস্যায় গত জানুয়ারিতে তাকে বরখাস্ত করে ক্লাব। এরপর ভারপ্রাপ্ত কোচ আলভারো আরবেলোয়ার কোচিংয়ে দল পারেনি সেভাবে ঘুরে দাঁড়াতে। 

পেরেস আপাতত ব্যস্ত ক্লাব সভাপতির পদ ধরে রাখার নির্বাচনি লড়াইয়ে। এর ফাঁকেই স্পেনের জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠান টিভিই-কে তিনি বললেন, “দারুণ সব ফুটবলার আমাদের আছে। (কিলিয়ান) এমবাপে, ভিনিসিউস (জুনিয়র), (জুড) বেলিংহ্যাম, (আর্দা) গিলের, (ফেদেরিকো) ভালভের্দে, (অহেলিয়া) চুয়ামেনি... তারা বিশ্বের সেরা ফুটবলার। প্রয়োজন একজন ভালো কোচ, যিনি এই ফুটবলারদেরকে রেয়াল মাদ্রিদের ইতিহাসে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যুগের অংশ করে তুলবেন।”

জোর গুঞ্জন আছে, সেই দায়িত্বটি পেতে পারেন জোসে মরিনিয়ো। ১৩ বছর পর আবার তার রেয়ালের কোচ হয়ে ফেরা এখন স্রেফ সময়ের ব্যাপার বলে মনে করা হচ্ছে। পেরেসকে জিজ্ঞেস করা হলে তিনি শুধু বললেন, “সে একজন ভালো কোচ, নিশ্চিতভাবেই।”

রেয়ালে এখন কিছুটা অনিশ্চয়তা চলছে ভিনিসিউস জুনিয়রকে নিয়েও। আগামী বছর তার চুক্তির মেয়াদ শেষ হবে। নতুন চুক্তিতে এখনও স্বাক্ষর করেননি তিনি। ব্রাজিলিয়ান তারকাকে নিয়েও নিজের অভিমত জানিয়ে রাখলেন পেরেস।

“জানি না সে চুক্তি নবায়ন করবে কি না। আমার অভিমত যদি জানতে চান, আমি তাকে রেখে দিতে চাই। কারণ সে বিশ্বসেরাদের একজন।”

রেয়াল মাদ্রিদের সভাপতি নির্বাচন হবে আগামী ৭ জুন। ২০ বছর পর এবার নির্বাচনের মাধ্যমে সভাপতি পাচ্ছে ইউরোপের সফলতম ক্লাবটি। ২০০৬ সালের পর প্রতিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন পেরেস। এবার তার প্রতিদ্বন্দ্বী এনরিকে রিকেলমে।