২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেনাল্টির সময় কেইনকে কী বলেছিলেন বেলিংহ্যাম?

রেয়াল মাদ্রিদ মিডফিল্ডার কী বলেছিলেন, তা জানালেন বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2024, 07:43 PM

Updated : 01 Sep 2026, 09:05 PM

পেনাল্টি কিক নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন হ্যারি কেইন। এমন সময়ে তার খুব কাছে গিয়ে তাকে কিছু একটা বলতে দেখা যায় প্রতিপক্ষের জুড বেলিংহ্যামকে। তখন অবশ্য কিছু শুনতে পাননি কেইন। তবে ম্যাচের পর জাতীয় দল সতীর্থ ও রেয়াল মাদ্রিদ মিডফিল্ডারের থেকে তা জেনে নেন তিনি। বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার জানালেন, স্পট কিক নেওয়ার সময় তাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন বেলিংহ্যাম। 

চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার বায়ার্ন ও রেয়ালের ম্যাচের ৫৭তম মিনিটের ঘটনা এটি। ম্যাচে তখন ১-১ সমতা। পেনাল্টি থেকে গোল করে বায়ার্নকে এগিয়ে নেন কেইন। স্পট কিক নেওয়ার আগে তার কাছে গিয়ে বিড়বিড় করেন বেলিংহ্যাম। 

ম্যাচের পর কেইন তুলে ধরলেন, তাকে কী বলেছিলেন ২০ বছর বয়সী বেলিংহ্যাম। 

“ওই মুহূর্তে আমি জানতাম না সে কী বলেছে, তবে ম্যাচের পর আমি তার সঙ্গে কথা বলেছিলাম এবং সে তখন নাকি বলেছিল, ‘আমি জানি আপনি গোলরক্ষকের বাম দিকে শট নিতে যাচ্ছেন।”

“মাঠে আমি জানতাম, সে কিছু একটা বলেছিল, তবে সেটা কী জানতাম না তখন… আমার জন্য ভালোই হয়, কারণ আমি দেখেছি গোলরক্ষক একটু আগেই একদিকে সরে যাচ্ছিল এবং আমি অন্যদিকে শট করি।”

রেয়াল গোলরক্ষক আন্দি লুনিন ঝাঁপিয়ে পড়েন তার বাঁ দিকে। তবে কেইন ডান দিকে শট করে বল পাঠান জালে।

শেষ পর্যন্ত যদিও জিততে পারেনি বায়ার্ন। শেষ দিকে পেনাল্টি থেকেই নিজের দ্বিতীয় গোলে সমতা টানেন ভিনিসিউস জুনিয়র। ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। 

বায়ার্নে অভিষেক মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ ম্যাচে ৩০ বছর বয়সী কেইনের ৪৩তম গোল এটি।