রেয়ালের হারের দায় কার, বললেন কোচ
কার্লো আনচেলত্তির বাক্য অসম্পূর্ণ থাকলেও উত্তর বুঝে নিতে অসুবিধা হলো না কারো।
খুব ছোট্ট কথায় উত্তর শেষ করলেন কার্লো আনচেলত্তি। বাক্য অসম্পূর্ণ থাকলেও কারো বুঝতে অসুবিধা হলো না তিনি কার কথা বলছেন। রেয়াল মাদ্রিদের অভিজ্ঞ ইতালিয়ান কোচ মনে করেন, জয়ের কৃতিত্ব খেলোয়াড়দের, হারের দায় একমাত্র কোচের।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে বুধবার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে রেয়াল। বাংলাদেশ সময় বুধবার রাত ২টায় শুরু হবে মাঠের লড়াই।
এর আগের দিন সংবাদ সম্মলনে আনচেলত্তি বললেন, রেয়ালের যে কোনো হারের দায় তার।
“জয়ের কৃতিত্ব ফুটবলারদের… আর হারের দায় আপনারা এরই মধ্যে জানেন।”
পরে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোচ হিসেবে হারের দায় নেওয়া তার কাছে স্বাভাবিক।
“এটা রেয়াল মাদ্রিদের সমস্যা নয়, কোচের সমস্যা। সবাই এই বিষয়ে পরিষ্কার। হারের জন্য একমাত্র দায়ী কোচ। এটা নতুন কিছু নয়, এটা সবার জানা।”
“আমরা সবাই এটা নিয়ে সজাগ। এতে আমার কোনো সমস্যা নেই। যে কাজ পছন্দ করি সেই কাজই আমি করছি। আমি দায় নেব, যদি আমার দায় নিতে হয়।”
