২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্স দলে নেই এমবাপে

১৫ মাস পর জাতীয় দলে ফিরেছেন আরেক ফরোয়ার্ড ক্রিস্তোফা এনকুনকু।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2024, 08:09 PM

Updated : 26 Aug 2026, 10:35 AM

নেশন্স লিগে আসছে দুই ম্যাচে নিয়মিত অধিনায়ক কিলিয়ান এমবাপেকে পাচ্ছে না ফ্রান্স। রেয়াল মাদ্রিদ তারকাকে বিশ্রাম দিয়েছেন কোচ দিদিয়ে দেশম।

ইসরায়েল ও বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের জন্য বৃহস্পতিবার ২৩ সদস্যের দল দিয়েছে দুবারের বিশ্বকাপ জয়ীরা।

গত ২৪ সেপ্টেম্বর লা লিগায় আলাভেসের বিপক্ষে ম্যাচে বাম পায়ের ঊরুর পেশিতে চোট পান এমবাপে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, অন্তত ৩ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।

তবে দ্রুত অবস্থার উন্নতি হওয়ায় বুধবার লিলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে বদলি হিসেবে শেষ ৩৫ মিনিট খেলানো হয় ২৫ বছর বয়সী ফরোয়ার্ডকে। তাই বলে কোনো ঝুঁকি নিতে চাইছেন না দেশম। পুরোপুরি সেরে ওঠার জন্য এই তারকাকে পর্যাপ্ত সময় দিতে চান তিনি।

সম্প্রতি হুট করেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেওয়ায় দলে নেই অঁতোয়ান গ্রিজমান। ফলে প্রায় ১১ বছর পর ফ্রান্স দলে নেই এমবাপে বা গ্রিজমানের কেউ। সবশেষ এই দুজনকে ছাড়া ২০১৩ সালের নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইউক্রেইনকে ৩-০ গোলে হারিয়ে মূল পর্বের টিকেট পেয়েছিল ফ্রান্স। 

১৫ মাস পর জাতীয় দলে ফিরেছেন আরেক ফরোয়ার্ড ক্রিস্তোফা এনকুনকু।

বুদাপেস্টে আগামী ১০ অক্টোবর ইসরায়েলের মুখোমুখি হবে ফ্রান্স। চার দিন পর ব্রাসেলসে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা।

নেশন্স লিগে ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ফ্রান্স। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ইতালি। ৩ পয়েন্ট নিয়ে তিনে বেলজিয়াম। এখনও পয়েন্ট পায়নি ইসরায়েল।