২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাকিব-দোরিয়েলতনের গোলে মোহামেডানকে হারাল কিংস

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে সোহেল রানার মুখে আঘাত করে লাল কার্ড দেখেন মোহামেডানের মোজাফ্ফর মোজাফ্ফরভ।

রাকিব-দোরিয়েলতনের গোলে মোহামেডানকে হারাল কিংস
মোহামেডানকে হারানোর উল্লাস কিংসের। ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2025, 08:23 PM

Updated : 26 Aug 2026, 05:18 PM

ঘটনাবহুল ম‍্যাচে গোল হলো দুটি। মোহামেডানের প্রচেষ্টাগুলো ব্যর্থ হলো। বসুন্ধরা কিংস খুঁজে নিল জাল। শেষ দিকে কিংসের সোহেল রানার মুখে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখলেন মোজাফ্ফর মোজাফ্ফরভ। উত্তেজনা ছড়ানো ম‍্যাচে সাদাকালো জার্সিধারীদের বিপক্ষে মধুর প্রতিশোধ নিয়ে মাঠ ছাড়ল কিংস।

বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার বাংলাদেশ ফুটবল লিগ ম্যাচে শিরোপাধারী মোহামেডানকে ২-০ গোলে হারিয়েছে মারিও গোমেসের দল। গত লিগে হোম ও অ্যাওয়েতে হারের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ এবারের জয়ে দিতে পারল কিংস।

চলতি লিগে অজেয় যাত্রা ধরে রাখার পাশাপাশি শীর্ষস্থান আরও দৃঢ় করল কিংস। ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট তাদের। ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে মোহামেডান।

ম্যাচে প্রথম ভালো সুযোগটি তৈরি করে মোহামেডান। ত্রয়োদশ মিনিটে মাহাবুব আলমের ক্রস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিতে ছুটেছিলেন স্যামুয়েল বোয়াটেং, কিন্তু বলের গতি বেশি থাকায় তা চলে যায় গোলকিপার আনিসুর রহমান জিকোর কাছে।

দুই মিনিট পরই এগিয়ে যায় কিংস। বাম দিকের কর্নারের কাছাকাছি থেকে দূরের পোস্টে লম্বা ক্রস বাড়ান ফয়সাল আহমেদ ফাহিম। বাতাসে ভেসে থাকা বলেই ডান পায়ের দারুণ নিচু শটে জালে খুঁজে নেন রাকিব হোসেন। একটু পরই ফাহিমের কর্নারে ইমানুয়েল টনির হেড উপরের জাল কাঁপায়।

২০তম মিনিটে পোস্টের বাধায় ব্যবধান বাড়েনি। গায়ের সঙ্গে সেঁটে থাকা ডিফেন্ডারকে পায়ের কারিকুরিতে বোকা বাকিয়ে কোনাকুণি শট নেন ইমানুয়েল সানডে। বল লাফয়ে ওঠা সুজন হোসেনের গ্লাভস ফাঁকি দিয়ে ক্রসবারের কাঁপিয়ে ফেরে।

৩১তম মিনিটে মোজাফ্ফরভের বাঁকানো গতিময় ফ্রি কিক ফিস্ট করে ফেরান জিকো। দুই মিনিট পর সমতার সেরা সুযোগ নষ্ট হয় মোহামেডানের। বাম দিক থেকে মাহাবুবের বাড়ানো বক্সে বাড়ানো ক্রসে ছুটে গিয়ে বুটের তলা দিয়ে টোকা দিতে পা চালিয়েছিলেন বোয়াটেং, কিন্তু বল স্পর্শ করতে পারেননি তিনি।

প্রথমার্ধের শেষ দিকে কর্নারের পর রাহিম উদ্দিনের দুর্বল ব্যাক ফ্লিক ফেরান জিকো। যোগ করা সময়ে তানভীর হোসেনের পাস জিকো নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হলে বিপদের শঙ্কায় পড়ে কিংস, ছুটে গিয়ে রাহিম এক পর্যায়ে বলের নাগাল পেলেও ঠিকঠাক শট নিতে পারেননি। 

দারুণ গোলে মোহামেডানের বিপক্ষে কিংসকে এগিয়ে নেন রাকিব হোসেন (বামে)। ছবি: বাফুফে

দারুণ গোলে মোহামেডানের বিপক্ষে কিংসকে এগিয়ে নেন রাকিব হোসেন (বামে)

৬২তম মিনিটে দোরিয়েলতনের পাস ডান পায়ে রিসিভ করে বাম পায়ে ভলি করেন সোহেল রানা, বল দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যায়।

সাত মিনিট পর বক্সের ঠিক উপর থেকে মাহাবুবের জোরাল শট ক্রসবারের উপর দিয়ে উড়ে যায়। একটু পর শাহরিয়ার ইমনের শট আটকে মোহামেডানের ত্রাতা গোলকিপার সুজন।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফাহিমের বদলি নামা কিউবা মিচেল দারুণ সুযোগ পান ৭৪তম মিনিটে। সানডের ক্রসে বক্সের ভেতরে দোরিয়েলতনের আলতো টোকায় তুলে দেন মিচেলের পায়ে, সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা এই তরুণ মিডফিল্ডারের শট অল্পের জন্য পোস্টের বাইরে যায়।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের শুরুতেই ব্যবধান দ্বিগুণ হয়। সতীর্থের লংস পাস নিয়ন্ত্রণে নিয়ে মোহামেডান অধিনায়ক মেহেদী মিঠুকে পেছনে ফেলে, এগিয়ে আসা গোলকিপার সুজনকে কাটিয়ে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দোরিয়েলতন।

এরপরই লাল কার্ড দেখেন মোজাফ্ফরভ। বল দখলের লড়াইয়ের এক পর্যায়ে পেছন থেকে চার্জ করা সোহেলের মুখে আঘাত করে বসেন উজবেকিস্তানের এই মিডফিল্ডার। রেফারি সোহেলকে হলুদ এবং মোজাফ্ফরভকে লাল কার্ড দেখান। এই সিদ্ধান্তে মেজাজ হারান মোজাফ্ফরভ। ধেয়ে যেতে থাকেন রেফারির উদ্দেশে। সতীর্থরা কোনোমতে তাকে জাপটে ধরে মাঠের বাইরে পাঠান। 

দিনের অন্য ম্যাচে চমক দেখিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। লিগ টেবিলের তলানির দলটি ২-০ গোলে হারিয়ে দিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। মোহাম্মদ শাওন দলকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন কাজী রাহাদ।

অন্য ম্যাচে মুন্সিগঞ্জে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ১-০ গোলে হারিয়েছে ফর্টিস এফসি।