পানিতে ডুবে ফরাসি ফুটবলারের মৃত্যু
তীব্র গরম থেকে বাঁচতে বন্ধুদের সঙ্গে নদীতে নেমেছিলেন ২১ বছর বয়সী এই ফুটবলার।
ইউরোপ জুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্য পানিতে ডুবে মারা গেছেন ২১ বছর বয়সী ফরাসি ফুটবলার কেনজো কিজ।
লিগ ২-এর দল গ্যাঁগোঁর রিজার্ভ দলের হয়ে খেলতেন কিজ। তীব্র গরম থেকে বাঁচতে তিন বন্ধু সঙ্গে লিওঁর কাছে একটি নদীতে নেমেছিলেন তিনি। গত সোমবার গুরুতর অবস্থায় তাকে পানি থেকে উদ্ধার করে দমকলকর্মীরা। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তিন জনকে নিরাপদে উদ্ধার করা হলেও, কিজকে খুঁজে পাওয়া যায় সবার শেষে।
তীব্র তাপপ্রবাহে পুড়ছে গোটা ইউরোপ। কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। প্রচণ্ড গরম থেকে বাঁচতে গিয়ে গত বৃহস্পতিবার থেকে ফ্রান্সে পানিতে ডুবে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে।
গত বছর গ্যাঁগোঁতে যোগ দেওয়ার আগে লিওঁ ও সাঁত এতিয়েনের যুব দলে ছিলেন কিজ।
