২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিনিসিউসের সৌদি আরবে যাওয়ার গুজবে ‘বিরক্ত’ আনচেলত্তি

এমন ‘ভিত্তিহীন বিষয়’ নিয়ে না ভেবে ওসাসুনার বিপক্ষে আসছে ম্যাচে পুরো মনোনিবেশ করতে চান রেয়াল মাদ্রিদ কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2025, 11:18 PM

Updated : 26 Aug 2026, 11:49 AM

কদিন পরপরই গুঞ্জন ডানা মেলে- ভিনিসিউস জুনিয়র নাকি সৌদি আরবে পাড়ি জমাতে পারেন। ইস্যুটি নিয়ে কার্লো আনচেলত্তি কথা বলার পর একটু থামে, কিছুদিন পর আবার শুরু হয়। বিষয়টি নিয়ে তিতিবিরক্ত রেয়াল কোচ বললেন, এ নিয়ে কথা বলতেই চান না তিনি।

লা লিগায় শনিবার ওসাসুনার বিপক্ষে খেলবে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রেয়াল। আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনার সাথে ব্যবধান বাড়িয়ে নেওয়াই এ মুহূর্তে মূল লক্ষ্য আনচেলত্তির। কিন্তু এমন সময়ে ফের উঠেছে ভিনিসিউসের সৌদি আরব যাত্রার সম্ভাবনা নিয়ে গুঞ্জন।

অথচ বৃহস্পতিবারই রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, রেয়ালের সাথে নতুন চুক্তি করার খুব কাছাকাছি ভিনিসিউস। কিন্তু শুক্রবার ওসাসুনার বিপক্ষে ম্যাচের সংবাদ সম্মেলনে আনচেলত্তি ফের মুখোমুখি হলেন একই প্রশ্নের। জবাবও তিনি দিয়েছেন বিরক্তির সুরে।

“বিষয়টি নিয়ে অনেক প্রশ্ন হচ্ছে। আমি কি এই ইস্যুতে বিরক্ত? হ্যাঁ। আমি কি এ নিয়ে চিন্তিত? না। আমি কি তাকে সুখী দেখছি? হ্যাঁ।”

“আমরা তাকে নিয়ে খুশি। এক সপ্তাহ বা দুই সপ্তাহ আগে যা বলেছিলাম, এই ইস্যুতে বাড়তি কিছুই যোগ করার নেই আমার। এই বিষয় নিয়ে আমরা কথা বলি না, সেও বলে না। তাকে আমি সেই পুরান ভিনিসিউসের রূপেই দেখছি, যে সবকিছু ঠিকঠাক করতে ভীষণ আগ্রহী এবং সে গত ম্যাচে খুব ভালোভাবে তা করেও দেখিয়েছে।”

গত ম্যাচ বলতে আনচেলত্তি টেনেছেন চ্যাম্পিয়ন্স লিগে গত মঙ্গলবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে নকআউট পর্বের প্লে-অফের প্রথম লেগের ম্যাচের প্রসঙ্গ। যে ম্যাচে ভিনিসিউস হয়েছিলেন সেরা খেলোয়াড়।

ওই ম্যাচেই ভিনিসিউসকে মানসিকভাবে ঘায়েল করতে ভিন্ন এক উপায় বেছে নিয়েছিল সিটির সমর্থকরা। সিটির মিডফিল্ডার রদ্রির ব্যালন দ’র জয়ের প্রসঙ্গ টেনে গ্যালারিতে ঢাউস এক ব্যানারে তারা লিখে এনেছিল, “কান্নাকাটি করে বুক ভাসিও না।“ পুরস্কারটি রদ্রি জয়ের পর একাধিকবার ভিনিসিউস বলেছিলেন, ব্যালন দ’র তার প্রাপ্য ছিল।

সিটি সমর্থকদের ওই খোঁচার পাল্টা জবাব ম্যাচজুড়ে দারুণ খেলে দেন ভিনিসিউস। প্রতিপক্ষের মাঠ থেকে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় নিয়ে ফিরে রেয়াল। আনচেলত্তির বিশ্বাস, রেয়ালের জার্সিতেই ইতিহাস লিখতে চান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

“আমি তাকে খুবই অনুপ্রাণিত দেখি। বিশেষ করে, সিটির বিপক্ষে সবশেষ ম্যাচে তার পারফরম্যান্সের কারণে। যেখানে সে ভীষণ চাপে ছিল এবং সে চাপ দারুণভাবে সামলেছে, ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে।”

“সে (সৌদি আরবের) প্রস্তাব পেয়েছে, নাকি পায়নি- আমি যেটা দেখি, সেটা নিয়ে বলতে পারি। আমি দেখছি, একজন সুখী খেলোয়াড়, যে কিনা কাজগুলো ঠিকভাবে করতে এবং এই ক্লাবের হয়ে ইতিহাস গড়তে চায়।”