১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লেভানদোভস্কির অনুপস্থিতিও ডাচদের জন‍্য ‘সমস‍্যা’

তারকা স্ট্রাইকারের অনুপস্থিতিতে পোল‍্যান্ড কীভাবে খেলবে, তা খুঁজে ফিরছেন নেদারল‍্যান্ডস কোচ রোনাল্ড কুমান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2024, 10:58 AM

Updated : 10 Sep 2026, 12:08 PM

মাঠে থাকলে ডিফেন্ডারদের জন‍্য মাথাব‍্যথার কারণ হতেই পারতেন রবের্ত লেভানদোভস্কি। চোটের কারণে অভিজ্ঞ স্ট্রাইকারের অনুপস্থিতি নিশ্চিতভাবেই ভার্জিল ফন ডাইকদের জন‍্য হবে স্বস্তির। তবে লেভানদোভস্কির চোট নেদারল‍্যান্ডসকে আরেক ধরনের সমস‍্যায় ফেলে দিয়েছে! রোনাল্ড কুমানকে যে নতুন করে সাজাতে হচ্ছে কৌশল।  

পোল‍্যান্ডের হয়ে ১৫০ ম‍্যাচে ৮২ গোল করা লেভানদোভস্কির খেলার ধরন ডাচদের জানা। অধিনায়ক মাঠে থাকলে পোল‍্যান্ড কীভাবে খেলে সেটাও জানা। কিন্তু বার্সেলোনা তারকার অনুপস্থিতিতে মিখাল প্রবিয়েশ কীভাবে দল সাজাবেন, কীভাবে খেলাবেন সে সম্পর্কে খুব একটা ধারণা নেই কুমানদের। তাই ‘চেনা’ শত্রুর অনুপস্থিতি এক ধরনের ঝামেলাতেই পড়েছেন তারা। 

তাই বাংলাদেশ সময় রোববার সন্ধ‍্যা সাতটায় শুরু হতে যাওয়া ম‍্যাচ নিয়ে আবার ভাবতে হচ্ছে ডাচদের। চোটের জন‍্য লেভানদোভস্কি খেলবেন না এই ম‍্যাচে, তবে থাকবেন বেঞ্চে। শনিবার সংবাদ সম্মলনে তার অনুপস্থিতিতে নেদারল‍্যান্ডসের ‘সমস‍্যার’ কথা বললেন কুমান।  

“প্রত‍্যেক খেলোয়াড়ের নিজস্ব গুণাবলি আছে আর এতে আমাদের খেলার ধরনে কিছুটা পরিবর্তন আনতে হতে পারে। লেভানদোভস্কি আমাদের চেনা, জানি তার শক্তির জায়গা।” 

লেভানদোভস্কির চোটের খবর শোনার পর এ নিয়ে সংশয় জানিয়েছিলেন কুমান। ধারণা করেছিলেন, এটা ধাপ্পা হতে পারে। বিষয়টি একদমই ভালোভাবে নেননি প্রবিয়েশ। কড়া প্রতিক্রিয়া জানান পোল‍্যান্ড কোচ। এবার আর সেই প্রসঙ্গে গেলেন না কুমান। 

সাবেক বার্সেলোনা কোচ বললেন, পোল‍্যান্ডের সব স্ট্রাইকারের ব‍্যাপারেই অন্দর-বাহির জানার চেষ্টা করেছেন তারা।

“এখনও আশা করছি, তারা দুইজন স্ট্রাইকার নিয়ে খেলবে। আমরা তাদের সব স্ট্রাইকারের খেলা বিশ্লেষণ করেছি। আমরা তাদের ফরোয়ার্ডদের চিনি এবং জানি তারা কী করতে পারে।”  

“সবসময়ই প্রথম ম‍্যাচে ভালো শুরু এবং জয় পাওয়া গুরুত্বপূর্ণ। আর যেভাবে করার জন‍্য নিজেকে প্রস্তুত করেছেন সেভাবে যদি করতে পারেন তাহলে তো আরও ভালো। ভালো ফল পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ।” 

অস্ট্রিয়ার মুখোমুখি হওয়ার আগে আগামী শুক্রবার লাইপজিগে ফ্রান্সের বিপক্ষে খেলবে কুমানের দল। 

“এই টুর্নামেন্টে খুব শক্তিশালী কিছু দল আছে। আমি মনে করি, আমরা তাদের একটি। তবে আমরা বড় ফেভারিটদের একটি নই।”