‘দল সবার জন্য উন্মুক্ত,’ বললেন বাটলার
সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করা বার্তায় উইমেন’স এশিয়ান কাপের প্রাথমিক দল নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে এশিয়ান কাপের প্রাথমিক দল নিয়ে উষ্মা, ক্ষোভ ঝাড়লেন কোচ পিটার জেমস বাটলার।
সকালে ক্যাম্পের সবাইকে অনুশীলন করিয়ে নেপালে উড়াল দিয়েছিলেন পিটার জেমস বাটলার; সাফ অনূর্ধ্ব-১৯ উইমেন’স চ্যাম্পিয়নশিপে অংশ নিতে। রাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রকাশ করে এশিয়ান উইমেন’স চ্যাম্পিয়নশিপের জন্য ২৯ জনের প্রাথমিক দল- এই ঘটনা বুধবারের। একদিন পরই সামাজিক যোগাযোগের মাধ্যমে এশিয়ান কাপের প্রাথমিক দল নিয়ে উষ্মা, ক্ষোভ ঝাড়লেন বাটলার।
গত জানুয়ারিতে বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করাদের মধ্যে প্রাথমিক দলে মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, রুপনা চাকমা, শামসুন্নাহারদের অনেকেই আছেন। ঠাঁই মেলেনি সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, নিলুফা ইয়াসমিন নীলা, সানজিদা খাতুন, মাসুরা পারভীনদের। সাবিনার নেতৃত্বে সাফ উইমেন’স ফুটসালে কদিন আগে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় তাদের দলে না থাকা নিয়েও চলছে তুমুল আলোচনা-সমালোচনা।
এমন পরিস্থিতিতে প্রাথমিক দল নিয়ে নিজের অবস্থান জানালেন বাটলার। আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় উইমেন’স এশিয়ান কাপের জন্য দল চূড়ান্ত করার আগে যে পরিবর্তন আসতে পারেন, সে ইঙ্গিত এই ইংলিশ কোচ দিয়েছেন ব্যক্তিগত ফেইসবুক পোস্টে।
“আমি একটি বিষয় পুরোপুরি পরিষ্কার করে দিতে চাই যে, আমি এখনো চূড়ান্ত দল ঘোষণা করিনি; সবার জন্যই সুযোগ উন্মুক্ত রয়েছে। আমরা বর্তমানে খেলোয়াড়দের নিয়ে একটি প্রাথমিক অনুশীলন দল গঠন করেছি। লিগে পাওয়া চোটের কারণে কয়েকজনের খেলা নিয়ে সংশয় রয়েছে।”
“আমাদের প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিদেশে অনুশীলন ক্যাম্প আয়োজন করা সম্ভব হয়নি। তাই আমি নেপালে অনূর্ধ্ব-১৯ দলটিকে পর্যবেক্ষণ করার পাশাপাশি এই বর্তমান দলটিকে সাত দিনের জন্য মূল্যায়ন করছি। অনূর্ধ্ব-১৯ দলের এক-দুই জন অসাধারণ তরুণ প্রতিভা এএফসি এশিয়ান কাপের জন্য আমাদের বিবেচনায় রয়েছে।”
কদিন আগে বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম গণমাধ্যমকে জানিয়েছেন, এশিয়ান কাপের আগে থাইল্যান্ডে ক্যাম্প করে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ দল। থাইল্যান্ড ও অস্ট্রেলিয়াতে টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতি শাণিয়ে নিতে খেলবে দুটি প্রীতি ম্যাচ।
তবে পোস্টের শেষ দিকে দেশের বাইরে ক্যাম্পের ব্যবস্থা করতে না পারার কথা ফের উল্লেখ করেছেন বাটলার। পাশাপাশি জানিয়েছেন, ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যও।
“এটি দুর্ভাগ্যজনক যে, আমরা বিদেশে ক্যাম্পের ব্যবস্থা করতে পারিনি, তবে আমরা অত্যন্ত ইতিবাচক এবং উদ্দীপনা নিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের একদল রোমাঞ্চকর তরুণ খেলোয়াড় রয়েছে যারা ফলাফল যাই হোক না কেন, বাংলাদেশের জার্সি গায়ে গর্বের সাথে লড়াই করবে!”
উইমেন’স এশিয়ান কাপে বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে। ৩ মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বে যাত্রা শুরুর পর ৬ মার্চ উত্তর কোরিয়া ও ৯ মার্চ উজবেকিস্তানের বিপক্ষে খেলবে মেয়েরা।
