উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ
Published : 28 May 2026, 08:32 PM
মালদ্বীপ ম্যাচ শুরুর আগে ওয়ার্ম-আপ সেরে যখন ড্রেসিংরুমের দিকে ফিরছিলেন মারিয়া-ঋতুপর্ণা-আফঈদারা। তখন দেখা গেল, পাশের গ্যালারির দিকে তাকিয়ে তারা হাত নাড়ছেন হাসিমুখে। দর্শকশূন্য খাঁ-খাঁ গ্যালারির ফ্রান্সেসকো মন্তে ক্রুজ স্ট্যান্ডে দৃষ্টি দিতে দেখা গেল ঢাউস এক ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন ছয় রাশিয়ান। ভালোবাসার প্রতিক্রিয়াসহ বাংলাদেশ লেখা ব্যানার নিয়ে তারা মাঠে এসেছেন বাংলাদেশের জন্য গলা ফাটাতে!
তারা বাংলাদেশ দলের টিম হোটেলে আছেন একসাথে। ফলে মারিয়া-আঈদাদের সাথে এই কয়দিনে তাদের গড়ে উঠেছে সখ্য। ভারতের গোয়ায় তারা এসেছেন সরকারি কাজে আর মারিয়া-মনিকারা এসেছেন উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে।
হোটেলে দেখায় অল্প-স্বল্প আলাপন আর একসাথে ভলিবল খেলার সুবাদে খেলোয়াড়দের সাথে বন্ধুত্ব তৈরি হয়েছে, জানালেন কস্তা নামের এক সমর্থক।
“আমরা যখন এপ্রিলের মাঝামাঝি সময়ে পর্যটক হিসেবে এসে প্ল্যানেট হলিউড রিসোর্টে উঠলাম, তার কিছুদিন পরেই বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল সেখানে আসে। আমাদের অবসরের সময়টায় আমরা ইনডোরে ভলিবল খেলতাম। মাঝে মাঝে আপনাদের মেয়েরাও আমাদের সাথে যোগ দিতো। এভাবেই আসলে আমাদের একে অপরের সাথে বন্ধুত্ব হয়ে যায়।"
“মাঠে আপনাদের মেয়েদের সমর্থন করতে আসাটা আমাদের একান্ত ইচ্ছা থেকে। একেবারে আমাদের আত্মার অন্তস্তল থেকে। আসলে খেলাধুলা এভাবেই সবার মধ্যে সংযোগ বাড়ায়।"
গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে সাফের ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে খেলছে বাংলাদেশ। ম্যাচটি জিতলেই সেমি-ফাইনাল খেলা নিশ্চিত হয়ে যাবে দলের।
চোটের কারণে মালদ্বীপ ম্যাচে খেলছেন না অভিজ্ঞ ডিফেন্ডার শিউলি আজিম ও মিডফিল্ডার মনিকা চাকমা। এই ম্যাচে অভিষেক হয়েছে মিডফিল্ডার মোমিতা আক্তার ও ডিফেন্ডার সুরভি আক্তার আরফিনের।