১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

উইম্বলডন অভিযানের আগে আলকারাসের কুইন্স কাপ জয়

প্রথম দুই সেটে রোমাঞ্চকর লড়াইয়ের পর শেষ ধাপে প্রতিপক্ষকে তেমন সুযোগই দেননি স্প্যানিশ তারকা।

উইম্বলডন অভিযানের আগে আলকারাসের কুইন্স কাপ জয়
এই বছরে পঞ্চম ট্রফি জিতলেন কার্লোস আলকারাস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2025, 10:06 PM

Updated : 26 Aug 2026, 01:14 PM

উইম্বলডনের শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে প্রস্তুতিটা দুর্দান্ত হলো কার্লোস আলকারাসের। চেক প্রজাতন্ত্রের ইজি লেহেচকাকে হারিয়ে আবার কুইন্স কাপে চ্যাম্পিয়ন হলেন স্প্যানিশ তারকা।

কুইন্স ক্লাবের অ্যান্ডি মারে অ্যারেনায় রোববার ফাইনালে প্রথম দুই সেটের জমজমাট লড়াই হয়। তৃতীয় সেটে অবশ্য প্রতিপক্ষকে তেমন একটা সুযোগ দেননি আলকারাস। ৭-৫, ৬-৭ (৫-৭), ৬-২ গেমে জিতে তিনি উঁচিয়ে ধরেন ট্রফি।

এখন পর্যন্ত দুবারের উইম্বলডন চ্যাম্পিয়ন আলকারাস ২০২৩ সালে এখানে প্রথম শিরোপাটি জয়ের কয়েক সপ্তাহ আগে কুইন্স কাপ জিতেছিলেন।

এই নিয়ে টানা ১৮টি ম্যাচ জিতলেন র‌্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় আলকারাস এবং ২০২৫ সালে এটা তার পঞ্চম ট্রফি। এর মধ্যে চলতি মাসের প্রথম সপ্তাহে জিতেছেন ফরাসি ওপেন। এবার তার সামনে উইম্বলডনে হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি।  

আগামী ৩০ জুন থেকে মাঠে গড়াবে এবারের উইম্বলডনের মূল পর্ব।