মাফিয়া অনুপ্রবেশ, আদালতের নিয়ন্ত্রণে ইতালিয়ান ক্লাব
পুলিশ ক্লাবটিতে ব্যাপকহারে মাফিয়া অনুপ্রবেশের ‘পর্যাপ্ত প্রমাণ’ পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মাফিয়া অনুপ্রবেশের কারণে ইতালির তৃতীয় বিভাগের ক্লাব ক্রোতুনেকে এক বছরের জন্য বিচার বিভাগীয় প্রশাসনের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। প্রসিকিউটররা জানিয়েছে, পুলিশ ক্লাবটিতে ব্যাপকহারে মাফিয়া অনুপ্রবেশের ‘পর্যাপ্ত প্রমাণ’ পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শক্তিশালী ‘এন্দ্রাঙ্গেতা’ মাফিয়া গোষ্ঠীর ঘাঁটি হিসেবে পরিচিত ইতালির দক্ষিণ কালাব্রিয়া অঞ্চল ক্রোতুনে। এই মৌসুমে সেরি সিতে চার ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে সেখানকার ক্লাবটি।
২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে টানা দুই মৌসুমে ও সবশেষ ২০২০-২০২১ মৌসুমে ইতালির শীর্ষ লিগ সেরি আয় খেলেছে ক্রোতুনে।
মঙ্গলবার আদালতের সিদ্ধান্তের পর ক্লাবটি যথারীতি তাদের ক্রীড়া কার্যক্রম চালিয়ে যাবে, তবে আদালত নিযুক্ত প্রশাসকদের তত্ত্বাবধানে। ক্লাবটি অবশ্য তদন্তের আওতায় নেই।
ক্রোতুনে এক বিবৃতিতে বলেছে, ক্লাব, সমর্থক ও খেলাধুলার সর্বোত্তম স্বার্থে নিজেদের কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য আদালত নিযুক্ত বিচার বিভাগীয় প্রশাসকদের সহযোগিতা করবে তারা।
প্রসিকিউটর অফিস এক বিবৃতিতে বলেছে, গত এক দশক ধরে প্রত্যক্ষ বা অন্তত পরোক্ষভাবে স্থানীয় এন্দ্রাঙ্গেতা গোষ্ঠীর সদস্যদের ভীতি প্রদর্শনের শিকার হয়েছে ক্রোতুনে।
লাভজনক পণ্যদ্রব্য বিক্রয় ও টিকেটিং ব্যবসাসহ বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণে নিতে ইতালিয়ান ফুটবলে মাফিয়াদের অনুপ্রবেশ নতুন নয়। সাম্প্রতিক সময়ে ইতালির শীর্ষ ক্লাব ইন্টার মিলান ও এসি মিলানের কট্টরপন্থী ‘আল্ট্রাস’ সমর্থক গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে তদন্ত করা হয়েছে।
